গর্ত থেকে ঈশ্বরগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
জুলাই ১১ ২০২৬, ২৩:০৯
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিখোঁজের একদিন পর ঘরের পেছনের পানিভর্তি একটি গর্ত থেকে তিন বছর বয়সী শিশু ইমরান হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে| মাইকিং করে রাতভর খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান না মেলায় পরিবার ও স্বজনরা উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন| পরদিন সকালে বাড়ির পেছনের পানিভর্তি গর্তে শিশুটির মরদেহ ভেসে উঠলে শোকের মাতম নেমে আসে পরিবার ও পুরো এলাকায়|
শনিবার (১১ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের হাশের আলগী গ্রামের নিজ বাড়ির পেছনের পানিভর্তি একটি গর্ত থেকে ইমরানের মরদেহ উদ্ধার করেন স্বজনরা| নিহত ইমরান হাসান ওই গ্রামের মোহাম্মদ আব্দুল্লাহ ও শিরিন আক্তার দম্পতির একমাত্র ছেলে|
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১০ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে বাড়ির আঙিনায় খেলাধুলা করার সময় হঠাৎ নিখোঁজ হয়ে যায় ইমরান| পরিবারের সদস্যরা প্রথমে আশপাশের বাড়ি, আত্মীয় স্বজনের বাসা ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন| কিন্তু কোথাও তার সন্ধান না পেয়ে সন্ধ্যার পর স্থানীয় মসজিদের মাইকসহ বিভিন্ন মাধ্যমে মাইকিং করা হয়| এলাকাবাসীও শিশুটিকে খুঁজে বের করতে রাত পর্যন্ত ব্যাপক অনুসন্ধান চালান| তবুও তার কোনো খোঁজ পাওয়া যায়নি|
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে পরিবারের সদস্যরা বাড়ির পেছনের পানিভর্তি একটি গর্তে ইমরানের মরদেহ ভাসতে দেখতে পান| পরে স্বজনরা মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন| খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের শত শত মানুষ শিশুটিকে একনজর দেখতে ভিড় করেন| এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে|
পরিবারের স্বজনরা জানান, ইমরান ছিল সবার আদরের| মুহূর্তের অসাবধানতায় এমন দুর্ঘটনা ঘটবে, তা তারা কল্পনাও করতে পারেননি| শিশুটির অকাল মৃত্যুতে পরিবারটি বাকরুদ্ধ হয়ে পড়েছে| শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে ইমরানকে দাফন করা হয়|
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, শিশু পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি আমাদের কেউ অবগত করেনি|
