মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ

সেপ্টেম্বর ১৬ ২০২৬, ২৩:২৯

মার্কিন নিষেধাজ্ঞার মুখে ভারতসহ ১০ দেশ

ভারতসহ ১০টি দেশের ওপর শতভাগ শুল্ক বসানোর প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র| রাশিয়া ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আরো কঠোর করার উদ্দেশ্যে এ বিষয়ে একটি বিল মার্কিন প্রতিনিধি পরিষদে এগিয়েছে|

বুধবার বিলটির চূড়ান্ত ভোট হওয়ার কথা রয়েছে| এর আগে, ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অব ২০২৬’ নামের বিলটি গতকাল মঙ্গলবার প্রতিনিধি পরিষদে ২১৪-২১১ ভোটে একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়াগত ধাপ পার হয়| দুই ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে ভোট দেওয়ায় বিলটি এগিয়ে নেওয়ার প্রস্তাব পাস হয়| গত মাসে মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে বিলটি পাস হয়|

প্রস্তাবিত আইনে রাশিয়ার নেতৃত্ব ও জ্বালানি খাতের ওপর নিষেধাজ্ঞার পাশাপাশি নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে সহায়তাকারী ‘ছায়া বহর’-এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে| এ ছাড়াও বিলটিতে রাশিয়ার জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়ার প্রস্তাব রয়েছে|

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, প্রতিনিধি পরিষদের নথিতে জমা দেওয়া একটি সংশোধনীতে ভারত, চীন, তুরস্ক, আজারবাইজান, হাঙ্গেরি, স্লোভাকিয়া, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কাজাখস্তান ও কিরগিজস্তানের নাম উল্লেখ করা হয়েছে| তবে বিলটির বিরোধিতা করেছেন ডেমোক্র্যাট সদস্য গ্রেগরি মিকস|

তার দাবি, এতে প্রেসিডেন্টকে শুল্ক আরোপের ক্ষেত্রে ব্যাপক ক্ষমতা দেওয়া হচ্ছে, যার ওপর পর্যাপ্ত নিয়ন্ত্রণ থাকবে না| যুক্তরাষ্ট্রের দাবি, রাশিয়ার অপরিশোধিত তেল বাণিজ্য ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে অর্থ জোগাতে সহায়তা করছে| এদিকে ওয়াশিংটনে ইউক্রেনপন্থি সংগঠনগুলো আইনপ্রণেতাদের ওপর চাপ বাড়াচ্ছে|

ইউক্রেন অ্যাকশন সামিটে কিয়েভকে অব্যাহত সমর্থনের পক্ষে মার্কিন আইনপ্রণেতাদের কাছে প্রচার চালানো হচ্ছে| প্রতিনিধি পরিষদে পাস হওয়ার পর বিলটি প্রেসিডেন্টের স্বাক্ষরের জন্য পাঠানো হবে| বৃহস্পতিবার প্রতিনিধি পরিষদের আগাম অবকাশ শুরু হওয়ার কথা রয়েছে|

সর্বশেষ সংবাদ

1 2 3 30