বিদায়ী ম্যাচ খেলতে জাতীয় দলে ডাক পেলেন মেসি

সেপ্টেম্বর ১৬ ২০২৬, ২৩:৪৫

বিদায়ী ম্যাচ খেলতে জাতীয় দলে ডাক পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি| কিন্তু আকাশি-নীল রংয়ের জার্সিতে তার বিদায়ী ম্যাচ এখনও বাকি| সেই বিদায়টা স্মরণীয় করে রাখতেই আবারও আর্জেন্টিনা দলে ডাকা হয়েছে বিশ্বকাপজয়ী অধিনায়ককে|

আগামী ৬ অক্টোবর বুয়েন আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন মেসি| আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) গত মঙ্গলবার মেসিকে দলে রাখার বিষয়টি নিশ্চিত করেছে|

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া জানিয়েছেন, মেসির সঙ্গে কথা বলেই তাঁকে বিদায়ী ম্যাচের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে| তাপিয়া বলেন, ‘আমরা বিশ্বের সেরা খেলোয়াড়, আমাদের আইকন ও অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসিকে আমন্ত্রণ জানিয়েছি, যাতে ৬ অক্টোবর আর্জেন্টিনায় তিনি তার প্রাপ্য সম্মান নিয়ে বিদায় নিতে পারেন|’ মেসির এই বিদায়ী ম্যাচকে ঘিরে আরও বড় আয়োজনের পরিকল্পনা করেছে এএফএ|

তাপিয়া জানিয়েছেন, ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সব সদস্যকে তাদের পরিবারসহ আমন্ত্রণ জানানো হবে, যাতে সতীর্থদের সঙ্গে মেসি তার জাতীয় দলের অধ্যায়ের শেষ মুহূর্তটি উদযাপন করতে পারেন| ফিফার আন্তর্জাতিক উইন্ডোতে ঘরের মাঠে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা|

৩০ সেপ্টেম্বর কর্দোবার মারিও কেম্পেস স্টেডিয়ামে বলিভিয়ার বিপক্ষে খেলবে তারা| এরপর ৩ অক্টোবর বুয়েনস এইরেসে বুরকিনা ফাসোর মুখোমুখি হবে| সবশেষে ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে ম্যাচে মেসির বিদায়ী আয়োজন হবে| এই ম্যাচে মেসির সঙ্গে রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোও থাকবেন বলে জানিয়েছে এএফএ|

মেসি গত আগস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন| ২০২৬ বিশ্বকাপের পর আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার সিদ্ধান্ত জানান তিনি| ফলে বেনিনের বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে জাতীয় দলের হয়ে তার আনুষ্ঠানিক বিদায়ী ম্যাচ|

ঘোষিত দলে মেসির সঙ্গে আছেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো দে পল, জুলিয়ান আলভারেজ ও লাওতারো মার্তিনেজের মতো তারকারাও|

সর্বশেষ সংবাদ

1 2 3 30