গেজেটভুক্ত স্থানে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা সদর স্থাপনের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা ভেঙে নবগঠিত দক্ষিন গফরগাঁও উপজেলার সদর ( প্রশাসনিক ভবনসমূহ)গেজেটবুক্ত নয়াবাড়ি মৌজাতে স্থাপনের দাবীতে বৃহস্পতিবার ( ৩০ জুলাই) সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল  করেছেন নবগাঠিত  দক্ষিন গফরগাঁও  উপজেলার হাজার হাজার এলাকাবাসী। নবগঠিত দক্ষিন গফরগাঁও উপজেলার কান্দিপাড়া বাজারে দক্ষিন গফরগাঁও উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচিতে দক্ষিণ গফরগাঁও উপজেলার ৮টি ইউনিয়নের হাজারো লোক অংশ নেয়।

সকাল ১১টা থেকে দুপুর ১২টা পযর্ন্ত ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে দক্ষিন গফরগাঁও উপজেলার কান্দিপাড়া বাজার এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। মানববন্ধন চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক  সাধারন সম্পাদক শেখ মোঃ ইসহাক, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আনছার উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, পাগলা থানা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মনিরুজ্জামান মনির, পাগলা থানা জাসাস আহবায়ক নাসির উদ্দিন প্রমুখ। মানববন্ধন চলাকালে বক্তারা তাদের বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের বিভিন্ন কমিটি  এবং সরকারের বিভিন্ন মন্ত্রণালয়  দক্ষিন গফরগাঁও উপজেলা বাস্তবায়নের জন্য নয়াবাড়ি মৌজায় উপজেলা সদর স্থাপনসহ  বেশ কিছু   সিদ্ধান্ত নিয়েছেন।  ফ্যাসিষ্ট আওয়ামী লীগের দোসরদের ভুল  তৎপরতায় দক্ষিণ গফরগাঁওয় উপজেলা বাস্তবায়ন বিলম্বিত হোক তা কোন ক্রমেই গ্রহনযোগ্য নয়।  বক্তারা দাবী করে বলেন সরকারি গেজেটভুক্ত নয়াবাড়ি মৌজাতেই দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর স্থাপন করতে হবে।

পরে কয়েক হাজার লোকের অংশগ্রহনে বিশাল একটি বিক্ষোভ মিছিল কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় গেইট থেকে শুরু হয়ে নয়াবাড়ি গ্রামের প্রস্তাবিত উপজেলা সদর এলাকায় গিয়ে শেষ হয়।

উল্লেখ্য,গত  ১ জুলাই প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ১২৩তম বৈঠকে গফরগাঁও উপজেলার  পাগলা থানা এলাকার ৮টি ইউনিয়ন (মশাখালী, পাঁচবাগ, উস্থি, পাইথল, লংগাইর, নিগুয়ারী, দত্তেরবাজার ও টাঙ্গাব) নিয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ নামে নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে  গত ৮ জুলাই নবগঠিত এ উপজেলার সরকারি গেজেট প্রকাশ করা হয়। গেজেটে উস্থি ইউনিয়নের ১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজায় নতুন উপজেলার সদর দপ্তর স্থাপনের কথা জানানো হয়। গত ১৪ জুলাই স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন প্রকাশিত হয়।

নয়বাড়ি মৌজায় নতুন উপজেলার সদর দপ্তর স্থাপনের সিদ্ধান্তে সংক্ষুদ্ধ হয়ে পাগলা ও পাঁচুলী  গ্রাম এলাকার মাহবুবুর রহমান ফোরকানসহ ৮ জন নয়াবাড়ি মৌজার পরিবর্তে পাগলা থানা ভবনের আশেপাশের এলাকায় উপজেলা সদর স্থাপনের জন্য হাইকোর্টে রিট আবেদন করেন।  গত ২৬ জুলাই  দায়ের করা এ  রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি তাজরুল হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর উস্থি ইউনিয়নের নয়াবাড়ি মৌজায় স্থাপনের সরকারি সিদ্ধান্তের ওপর দুই মাসের স্থগিতাদেশ এবং অবকাঠামো নির্মাণে স্থিতিবস্থা জারি করেছেন।

সর্বশেষ সংবাদ

1 2 3 24