বিষমুক্ত ভেবে ঈশ্বরগঞ্জে এক কৃষক ধরেছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ

বিষমুক্ত ভেবে ঈশ্বরগঞ্জে এক কৃষক ধরেছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিষমুক্ত ভেবে এক কৃষক দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর ওয়ালস ক্রেট (Wall’s Krait) সাপ ধরে চার দিন বস্তাবন্দী করে রেখেছিলেন| সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের একটি উদ্ধারকারী দল সাপটি উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করে|

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ভাইদগাঁও গ্রাম থেকে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন জনতার ঈশ্বরগঞ্জ এর সহযোগিতায় সাপটি উদ্ধার করে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ| উদ্ধার অভিযানে অংশ নেন সংগঠনটির ময়মনসিংহ প্রতিনিধি মাহমুদুল হাসান| পরে সাপটিকে ময়মনসিংহে নিয়ে গিয়ে শনিবার বিকেলেই একটি নির্জন বনে অবমুক্ত করা হয়|

জানা যায়, গত মঙ্গলবার বিকেলে উপজেলার কাকনহাটি এলাকার কাঁচামাটিয়া নদীর পাড়ে সাপটির দেখা পান স্থানীয় কয়েকজন| দেখতে অনেকটা দাঁড়াশ সাপের মতো হওয়ায় তারা এটিকে বিষমুক্ত মনে করেন| পরে সাপটিকে তাড়া করে কৃষক হারুন অর রশিদ সাপটিকে ধরে বস্তার ভেতর আটকে রাখে|

কৃষক হারুন অর রশিদ বলেন, আমরা বুঝতেই পারিনি এটি এত বিষধর সাপ| বিষমুক্ত ভেবেই ধরেছিলাম| পরে জনতার ঈশ্বরগঞ্জের সদস্যদের মাধ্যমে জানতে পারি এটি প্রাণঘাতী বিষধর সাপ| তখন রেসকিউ টিমকে খবর দেওয়া হয়| তারা এসে নিরাপদে সাপটি নিয়ে যান|

ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের ময়মনসিংহ প্রতিনিধি মাহমুদুল হাসান বলেন, ওয়ালস ক্রেটের বৈজ্ঞানিক নাম Bungarus walli| এটি কালাচ বা শঙ্খিনী পরিবারের সদস্য এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ| এর বিষ অত্যন্ত শক্তিশালী নিউরোটক্সিক, যা মানুষের স্নায়ুতন্ত্রে সরাসরি আঘাত হানে|

তিনি আরও বলেন, এই সাপ সাধারণত নিশাচর| রাতের বেলায় খাবারের সন্ধানে বের হয় এবং দিনের বেলায় ধানক্ষেত, জলাশয়ের আশপাশ, ঝোপঝাড় কিংবা গর্তে লুকিয়ে থাকে| দেখতে অনেকটা দাঁড়াশ সাপের মতো হওয়ায় সাধারণ মানুষ প্রায়ই ভুল করেন| এ সাপের কামড়ে শুরুতে তেমন ব্যথা বা ফোলাভাব নাও হতে পারে| কিন্তু দ্রুত বিষক্রিয়া শুরু হয়ে শ্বাসপ্রশ্বাসের পেশি অবশ হয়ে মৃত্যুও ঘটতে পারে| তিনি জানান, উদ্ধারকৃত সাপটি সুস্থ অবস্থায় ছিল| প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে শনিবার বিকেলে ময়মনসিংহের একটি নির্জন বনে সাপটিকে অবমুক্ত করা হয়|

সর্বশেষ সংবাদ

1 2 3 31