সড়ক দুর্ঘটনায় নিহত শিশু লামিয়ার পরিবারকে উপজেলা প্রশাসনের আর্থিক সহায়তা
জুলাই ২৭ ২০২৬, ২৩:০৯
ময়মনসিংহের হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় নির্মমভাবে নিহত শিশু লামিয়ার শোকসন্তপ্ত পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (২৭ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগে নিহত শিশুটির পরিবারের হাতে ২০ হাজার টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।
এ সময় হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এবং সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান এবং তাদের হাতে সহায়তার চেক হস্তান্তর করেন।
চেক প্রদানকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, “সড়ক দুর্ঘটনায় শিশু লামিয়ার মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক ও অপূরণীয় একটি ক্ষতি। আমরা এই পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই সামান্য আর্থিক সহায়তা হয়তো স্বজন হারানোর কষ্ট পুরোপুরি দূর করতে পারবে না, তবে মানবিক তাগিদ থেকেই উপজেলা প্রশাসন সবসময় এই পরিবারটির পাশে রয়েছে।”
উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহল।

