ছাদ থেকে রড নামাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু

ত্রিশাল পৌরসভার ৫ নং ওয়ার্ডের দায়পাড়া নামক এলাকায় একটি ভবনের ছাদ থেকে রড নামাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে| বুধবার দুপুরে পৌরশহরের ডিম ব্যবসায়ি আতাউর রহমানের নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে|

নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার বোরগাঁও গ্রামের রতন মিয়ার ছেলে জিসান (২০) এবং ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের গফাকুঁড়ি গ্রামের মৃত সুরজত আলীর ছেলে সিরাজ (২২)| নিহত জিসান বর্তমানে ভালুকা উপজেলার ভরাডোবা এলাকায় ভাড়া বাসায় থাকতেন| সেখান থেকেই প্রতিদিন ত্রিশালে এসে নির্মাণ শ্রমিকের কাজ করতেন|

পুলিশ ও স্থানীয় এলাকাবাসি সূত্রে জানা গেছে, স্থানীয় ডিম ব্যবসায়ী আতাউর রহমানের তিনতলা ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে ৫/৬ মাস আগেই| ওই ভবন ঘেঁষেই গেছে বিদ্যুতের ফোর ফোরটি লাইন| ঝুঁকি নিয়েই শ্রমিকদের দিয়ে নির্মাণকাজ শেষ করেছেন ভবন মালিক| তবে তাঁর দাবি, বিদ্যুতের তারে প্লাস্টিকের কভার লাগানোর জন্য একাধিকবার অফিসে যোগাযোগ করেছেন| কিন্তু এ কাজটি করেনি বিদ্যুৎ বিভাগ|

এদিকে গত কয়েকদিন ধরে চলছিলো বাদ থাকা ভবনের সিঁড়িকোঠা নির্মাণ ও ভবনের টুকিটাকি কাজ| ওই কাজে ছিলেন জিসান ও সিরাজসহ আরো ২ শ্রমিক| বুধবার দুপুরের দিকে ভবনের তিন তলার ছাদ থেকে জিসান ও সিরাজ লোহার রড নিচে নামাচ্ছিল| এ সময় অসাবধানতাবশত ৪/৫ হাত কাছে থাকা সচল বিদ্যুৎ লাইনে রড লেগে যায়| রডটি বিদ্যুৎতাড়িত হয়ে দুজনই ছাদ থেকে ছিটকে নিচে পড়ে যান| তাদেরমধ্যে একজন পড়েন নিচে থাকা পিকআপ ভ্যানের ওপর আরেকজন পাকা সড়কে| শ্রমিক ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন| পরে পুলিশ ময়নাতদন্তের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে|
ভবন মালিক আতাউর রহমানের ভাষ্য, বিদ্যুতের তারে প্লাস্টিকের কভার লাগানোর জন্য একাধিকবার অফিসে যোগাযোগ করেছেন| কিন্তু এ কাজটি করেনি বিদ্যুৎ বিভাগ| ছাদ থেকে পড়ে যাওয়ার খবর শুনেই আমি বাসার সামনে যাই| পড়ে সেখান থেকে হাসপাতালে গিয়েছি| তাদের মৃত্যুতে তো আমার কোন দোষ নেই| নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেছি| দাফন-কাফন শেষ হলে তাদের নিয়ে বসবো|

নিহত সিরাজের চাচা আজিজুল ইসলাম বলেন, এটা একটা দুর্ঘটনা| তাই আমরা কোন মামলা মোকদ্দমা করবো না|

এব্যাপারে কথা বলতে ত্রিশাল বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে নির্বাহী প্রকৌশলীর সরকারি নম্বরে একাধিকবার কল দিলে নম্বরটি বন্ধ দেখায়|

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, লাশ ময়নাতদন্তের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে| আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ|

সর্বশেষ সংবাদ

1 2 3 24