মা-বাবাকে মারধর করায় মাতাল ছেলেকে ১ বছরের কারাদণ্ড
সেপ্টেম্বর ২৩ ২০২৬, ২২:০৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নেশাগ্রস্ত হয়ে মা-বাবাকে মারধর ও নির্যাতন করার অপরাধে বেলাল মিয়া (৩০) নামের এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত|
দণ্ডপ্রাপ্ত বেলাল মিয়া ঈশ্বরগঞ্জ উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের সরতাজ বহেড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে|
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলাল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে বিপথগামী হয়ে পড়ে| নেশার টাকার জন্য ও মাতাল অবস্থায় সে প্রায়শই তার পিতা-মাতাকে শারীরিক নির্যাতন ও মারধর করত|
এবিষয়ে মা-বাবা ছেলের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন| বুধবার মাতাল অবস্থায় বেলাল তার মা-বাবার সাথে অশোভন আচারণ করায় বিষয়টি স্থানীয় চেয়ারম্যান হাসান মাহমুদ রানা উপজেলা প্রশাসনকে অবহিত করেন| পরে চেয়ারম্যান সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান ঈশ্বরগঞ্জ থানার এসআই পঙ্কজ চন্দ্র দে সরকার ও এএসআই শামসুজ্জোহা এবং তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ রানার উপস্থিতিতে মাদক সহ বেলালকে মাতাল অবস্থায় আটক করা হয়| পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়|
তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ রানা বলেন, বেলাল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত| নেশার কারণে সে প্রায়ই নিজের মা-বাবার সঙ্গে খারাপ আচরণ ও মারধর করত| পরিবারের পক্ষ থেকে বিষয়টি জানানো হলে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়| মাদকের কারণে যেন কোনো পরিবারে এ ধরনের নির্যাতনের ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে|
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমন বলেন, মাদকাসক্ত হয়ে মা-বাবাকে নির্যাতনের অভিযোগে বেলাল মিয়াকে আটক করা হয়| মাদক ও অপরাধের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে| মাদক সেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে|
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, মাদকাসক্ত হয়ে মা-বাবাকে নির্যাতনের বিষয়টি অত্যন্ত গুরুতর| অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে| মাদকবিরোধী অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে| একই সঙ্গে পরিবারের সদস্যদের প্রতি সহিংসতা বা নির্যাতনের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি|
