দলমত নির্বিশেষে সকল ক্ষতিগ্রস্তকে সহায়তা দেওয়া হবে-রফিকুল ইসলাম হিলালী এমপি
মে ০২ ২০২৬, ১৬:০৮
মজিবুর রহমান, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালী বলেছেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে নেত্রকোনাসহ হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্তদের জন্য তিন মাসের সহায়তার ঘোষণা দিয়েছেন এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়নের কাজ চলছে। এ ক্ষেত্রে দলমত নির্বিশেষে সকল ক্ষতিগ্রস্তকে সহায়তা দেওয়া হবে।
শুক্রবার বিকালে নির্বাচনী এলাকার কেন্দুয়া উপজেলায় বন্যাকবলিত কয়েকটি হাওর পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকের কোনো দল নেই, সকলেই সমান। তালিকা প্রণয়নে কেউ অনিয়ম বা দুর্নীতির আশ্রয় নিলে কাউকে ছাড় দেওয়া হবে না। যদি কেউ মিথ্যা তথ্য প্রদান বা কোনো কিছুর বিনিময়ে তালিকা প্রস্তুত করে, তবে তার বিরুদ্ধে দলীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমপি হিলালী বলেন, তিনি যে কয়েকটি হাওর পরিদর্শন করেছেন, সেগুলোর প্রায় ৮০ শতাংশ ফসল নষ্ট হয়েছে। কৃষি বিভাগের প্রতিবেদনের তুলনায় প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি বলে তিনি দাবি করেন। এ সময় তিনি কৃষি কর্মকর্তাদের দায়িত্বহীনতার অভিযোগ তুলে ইউএনও ও সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের সরেজমিনে পরিদর্শন করে সঠিক তালিকা প্রণয়নের আহ্বান জানান।
পরিদর্শনকালে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মাসকা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল হাসান ভূইয়া সুমন, বলাইশিমূল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
