ত্রিশালে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্য
আগস্ট ১৭ ২০২৬, ২২:২৪
ময়মনসিংহের ত্রিশালে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে| নিহতরা হলেন মাশরাফি মুর্তজা (৫) ও ফারহান হোসেন (৪)| সোমবার (১৭ আগস্ট) দুপুরে ত্রিশাল সদর ইউনিয়নের সতেরপাড়া গ্রামের উচাভিটা এলাকায় এ ঘটনা ঘটে|
পরিবার ও স্থানীয় এলাকাবাসি সূত্রে জানা যায়, সোমবার দুপুরে যখন জুম বৃষ্টি শুরু হয় তখন পাঁচ বছর বয়সি মাশরাফি ও চার বছর বয়সি ফারহান ভিজতে নামে|
বৃষ্টির মধ্যে কিছু সময় খেলাধূলা শেষে তারা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে| ওই সময় পরিবারসহ আশপাশের প্রায় সব লোকজন ঘরের ভেতর| আনন্দের গোসলে এক সময় তারা পুকুরের মাঝখানে চলে যায়|
সাঁতার না জানায় কোন এক সময় তারা পানিতে ডুবে যায়| বৃষ্টি থেমে যাবার পর পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন| মাশরাফির বাবা আশরাফুল ইসলাম তার ছেলের পরনে থাকা নীল রঙের প্যান্ট পুকুরে ভেসে থাকতে দেখেন| এরপর লাফ দিয়ে পুকুরে নামেন এবং স্থানীয়দের সহায়তায় দুই শিশুকে উদ্ধার করেন|
পরে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন| নিহত শিশুদের মা-বাবা ও স্বজনদের আহাজারিতে ওই গ্রামজুড়ে শোকের ছায়া নামে|
নিহত মাশরাফির বাবা আশরাফুল ইসলাম একটি স্পিনিং মিলে হেলপার হিসেবে চাকরি করেন| অপর শিশু ফারহান হোসেনের বাবা তারিকুল ইসলাম মালয়েশিয়া প্রবাসী|
শিশু ফারহান হোসেনের মা ফাতেমা খাতুন আহাজারি, আমি কী লইয়া থাকবাম, আমার কলিজাটা মইরা গেছে| আমার বাবারে ছাড়া আমি কীভাবে থাকমু?
