সিটি কলিজয়েট স্কুলের সভাপতি মনোনীত হয়েছেন এমপি ওয়াহাব আকন্দ
সেপ্টেম্বর ০৯ ২০২৬, ২৩:০৪
ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ‘সিটি কলিজয়েট স্কুল’ এর ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হয়েছেন স্থানীয় সদর আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। আগামী ৬ মাস এই কমিটি বলবৎ থাকবে।
৯ সেপ্টম্বর বুধবার ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যানের নির্দেশে বিদ্যালয় পরিদর্শক মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে এই কমিটি গঠিত হয়।
কমিটির মনোনীত অন্য সদস্যরা হলেন- সাধারন শিক্ষক সদস্য মোহাম্মদ আব্দুল হাকিম শেখ, অভিভাবক সদস্য মোহাম্মদ আলী ইউসুফ, সদস্য সচিব মনোনীত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
চিঠিতে আরও বলা হয়, এডহক কমিটি বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের নিকট শিক্ষকের শূন্য পদের চাহিদা প্রেরণ করতে পারবে। উক্ত কর্তৃপক্ষ কর্তৃক কোনো শিক্ষক সুপারিশ করা হলে কেবল তাদের নিয়োগ প্রদান করতে পারবেন। কোনো শিক্ষক বা কর্মচারির উপর দন্ড আরোপের প্রয়োজন হলে, শিক্ষা বোর্ডের অনুমতি গ্রহনপূর্বক দন্ড আরোপ করতে পারবে। কোনক্রমেই এডহক বা বিশেষ ধরনের কমিটি বা গভর্নিং বডির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে না।
জানা যায়, এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ সভাপতি মনোনীত হওয়ায় খবরে সিটি কলিজয়েট স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আনন্দের সৃষ্টি হয়েছে।
এবিষয়ে বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, ময়মনসিংহ নগরীর অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হলো সিটি কলিজয়েট স্কুল। আমার পরিবারের সদস্যদের প্রায় সবাই এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী। চেষ্টা করবো বিদ্যালয়টির শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি অবকাঠামোগত দৃশ্যমান উন্নয়ন করা হবে।
