ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

জুন ১৫ ২০২৬, ২১:০৮

সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে নকল ও ক্ষতিকর প্রসাধনী সামগ্রী এবং অবৈধ বিস্ফোরক দ্রব্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পণ্য জব্দ করেছে উপজেলা প্রশাসন| এ সময় অনিয়মের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে|

সোমবার বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৌর শহরের উপজেলা পরিষদ কার্যালয়ের বিপরীতে বসুন্ধরা আবাসিক এলাকায় পরিচালিত এ অভিযানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়| অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের নকল ও মানহীন প্রসাধনী সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ অবৈধ বিস্ফোরক দ্রব্য পাওয়া যায়|

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, তল্লাশির সময় প্রতিষ্ঠানটিতে বিপণনের জন্য মজুত রাখা ১২০ প্যাকেট আতশবাজির পটকা উদ্ধার করা হয়| এছাড়াও জন স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অনুমোদনহীন বিপুল পরিমাণ প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়| এসব পণ্যের মধ্যে কিছু নকল এবং কিছু মেয়াদ ও মানসংক্রান্ত বিধি বিধান লঙ্ঘন করে বাজারজাত করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে|
অভিযানকালে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ব্যবসায়ী রাজু আহম্মেদকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়| একই সঙ্গে জব্দকৃত পণ্যসমূহ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়|

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল, থানা পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন|

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান| তিনি বলেন, জন স্বাস্থ্য ও জননিরাপত্তার স্বার্থে নকল, ভেজাল ও ক্ষতিকর পণ্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে| কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করে জন স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|

সর্বশেষ সংবাদ

1 2 3 18