ঈশ্বরগঞ্জে ভেজাল পণ্য বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে অর্থদন্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভেজাল ও জন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্য বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে| মঙ্গলবার দুপুরে উপজেলার পৌর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়|

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের মান যাচাই ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে পরিচালিত অভিযানে বিভিন্ন দোকানে তল্লাশি চালানো হয়| এ সময় মেসার্স ইভা নাজিভা ট্রেডার্স এবং নজরুল স্টোরে সংরক্ষিত ও বিক্রির জন্য রাখা বিভিন্ন ভেজাল ও জন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোগ্যপণ্যের সত্যতা পাওয়া যায়|

এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ব্যাবসায়ী ইব্রাহিমকে ১০ হাজার টাকা এবং নজরুল ইসলামকে ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়| পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়|

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান| অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে|

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, জন স্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না| বাজারে ভেজাল, মেয়াদোত্তীর্ণ বা জীবনহানিকর পণ্য বিক্রি সম্পূর্ণ বেআইনি| যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকবেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে| নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে|

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের প্রতি অনুরোধ থাকবে, তারা যেন আইন মেনে নিরাপদ ও মানসম্মত পণ্য বিক্রি করেন| একই সঙ্গে ভোক্তাদেরও সচেতন হতে হবে| কোনো অনিয়ম চোখে পড়লে উপজেলা প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহবান জানান|

সর্বশেষ সংবাদ

1 2 3 24