গফরগাঁওয়ে নামাজের সময় উচ্চ স্বরে মাইক বাজানোর প্রতিবাদ করায় ইমামের চোঁখ নষ্ট করে দিয়েছে দুর্বূত্তরা
মে ৩০ ২০২৬, ০৯:০৭
গফরগাঁও ( ময়মনসিংহ) সংবাদদাতা :
ময়মনসিংহের গফরগাঁওয়ে নামাজের সময় মেলার প্রচারনার মাইক উচ্চ স্বরে বাজানোর প্রতিবাদ করায় মসজিদের সাবেক এক ইমামের উপর অর্তকিতে হামলার ঘটনা ঘটেছে। এতে মাওলানা ইউসুফ আলী নামে মাদ্রাসা শিক্ষক ও একটি মসজিদের সাবেক ইমাম গুরুতর আহত হন । রড দিয়ে পিটিয়ে তার ডান চোখ নষ্ট করে ফেলা হয়েছে।
গত শুক্রবার (২৯ মে ) সন্ধ্যায় উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামের বখুরা চৌরাস্তা এলাকায় বখুরা জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহত মাওলানা ইউসুফ আলী বখুরা গ্রামের বাসিন্দা ও উপজেলার উত্তর পুখুরিয়া জালাল জামে মসজিদের সাবেক ইমাম এবং পুখুরিয়া দারুল হুদা মহিউস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক।
থানায় দায়ের করা এজাহার, আহতের পরিবার ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, শুক্রবার মাগরিবের নামাজের সময় বখুরা চৌরাস্তা এলাকায় সাইফুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির নেতৃত্বে একটি মেলার প্রচারনার মাইক উচ্চস্বরে বাজানো হচ্ছিল। এ সময় বখুরা জামে মসজিদের মুসল্লিদের নামাজ পড়তে অসুবিধা হচ্ছিল। মাওলানা ইউসুফ আলী ফরজ নামাজ শেষ করে মসজিদের বাইরে এসে মাইক বন্ধ করতে অনুরোধ করে । এ নিয়ে সাইফুল ইসলামের সাথে মাওলানা ইউসুফ আলীর কথা কাটাকাটির এক পর্যায়ে সাইফুল ইসলাম ও তার লোকজন মাওলানা ইউসুফ আলীর উপর অর্তকিতে হামলা চালায়। সাইফুল ইসলাম রড দিয়ে মাওলানা ইউসুফ আলীর ডান চোখ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।
এলাকাবাসী মাওলানা ইউসুফ আলীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মাওলানা ইউসুফ আলীর স্ত্রী মোছাঃ মুর্শিদা বাদী হয়ে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করে।
এদিকে একজন নিরীহ ইমামের উপর নৃশংস হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবীতে শনিবার সকাল ১১টার দিকে পৌরশহরের জামতলা মোড়ে নাগরিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামিসহ বিভিন্ন রাজনৈতিক দল, ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
গফরগাঁও থানার ওসি আ. স. ম. আতিকুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে । আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
