নান্দাইলে ফিসারিতে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ভাইয়ের বিরুদ্ধে মামলা

নান্দাইলে ফিসারিতে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ, ভাইয়ের বিরুদ্ধে মামলা
ময়মনসিংহের নান্দাইলে ফিসারিতে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শাহীন আলম নান্দাইল মডেল থানায় সহোদর ভাই আমিনুল ইসলাম ও তার স্ত্রী রুনা আক্তারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। মাছ নিধনের ঘটনায় প্রায় ৪ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী শাহীন আলম।
নান্দাইল মডেল থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের বাহের বানাইল গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে শাহীন আলমের সাথে দীর্ঘদিন ধরে তারই সহোদর ভাই আমিনুল ইসলামের জায়গা-জমি নিয়ে বিরোধ ছিল। সেই সুবাদে শাহীন আলমের স্ত্রী শিউলি আক্তারকে মারপিট ও গালমন্দ এবং তাদের বিভিন্নভাবে হুমকি দিত আমিনুল ইসলাম। গত ৫ আগস্ট রাতে শাহীন আলমের ৩৩ শতাংশ ফিসারিতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির রুই, কাতলা ও মৃগেল মাছ নিধন করা হয়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এদিকে ফিসারিতে বিষ দিয়ে মাছ নিধনের পর থেকে বাড়িঘরে তালা লাগিয়ে পালিয়ে গেছেন আমিনুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী রুনা আক্তার।
এ বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলামকে বাড়িতে পাওয়া যায়নি। তার প্রথম স্ত্রী সালমা আক্তার বলেন, “আমার স্বামী আমাদের দেখে না। ঘটনার দিন থেকেই দ্বিতীয় স্ত্রীকে নিয়ে এলাকায় নেই।” একই কথা বলেন তার ছেলে আশরাফুল ইসলাম।
ভুক্তভোগী শাহীন আলম বলেন, আমার ভাই ক্ষতি করার জন্য দীর্ঘদিন ধরে নানাভাবে হুমকি দিয়ে আসছে। তারই পরিপ্রেক্ষিতে ফিসারির মাছ বিষ প্রয়োগ করে মেরেছে। আমি এর বিচার চাই।
নান্দাইল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহনাজ নাজনীন বলেন,প্রাথমিকভাবে মাছের নমুনা দেখে বোঝা যায় সেগুলো বিষ প্রয়োগ করে নিধন করা হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আজহারুল ইসলাম বলেন, বিষ দিয়ে মাছ নিধনের ঘটনায় অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

1 2 3 30