নতুন কুঁড়ি স্পোর্টসে ক্রিকেটে সিটি কর্পোরেশন চ্যাম্পিয়ন

নতুন কুঁড়ি স্পোর্টসে ক্রিকেটে সিটি কর্পোরেশন চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার :
“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যুবসমাজকে ক্রীড়ামুখী ও শারীরিকভাবে সুস্থ রাখতে ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন ও সাঁতারসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। রোববার (১০ মে) বিকাল ৪টায় ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে বালক ও বালিকাদের অংশগ্রহণে কাবাডি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। উত্তেজনাপূর্ণ এ ফাইনাল খেলায় বালক বিভাগে ফুলবাড়িয়া উপজেলা একাদশকে ২৭-২৬ পয়েন্টে হারিয়ে ফুলপুর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বালিকা বিভাগে ২৮-২৭ পয়েন্টে জয়লাভ করে ধোবাউড়া উপজেলা একাদশ শিরোপা জিতে নেয়। ম্যাচ উপভোগ করতে মাঠে দর্শকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।
বিভিন্ন ইভেন্টে বালক-বালিকা ক্রিকেটে ময়মনসিংহ সিটি কর্পোরেশন ও ভালুকা উপজেলা, কাবাডিতে ফুলপুর ও ধোবাউড়া উপজেলা এবং ব্যাডমিন্টন ও সাঁতারে ঈশ্বরগঞ্জ, ফুলপুর, ধোবাউড়া ও হালুয়াঘাট উপজেলা দল বিজয়ী হয়। সমাপনী অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী, এনডিসি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা তরুণদের মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়াচর্চা শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে এবং ভবিষ্যতে পেশাগত সম্ভাবনাও তৈরি করে।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা নয়, বরং শৃঙ্খলা, নেতৃত্ব ও সহনশীলতা গড়ে তোলে। তরুণদের সুস্থ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে নিয়মিত ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এ.কে.এম মাহবুবুল আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজিদ, ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা, জেলা ক্রীড়া অফিসার আল আমিনসহ উভয় দলের কোচ, খেলোয়াড়, ম্যানেজার, ক্রীড়ামোদী দর্শক ও গণমাধ্যমকর্মীরা। আয়োজকরা জানান, “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬”-এর মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলার তরুণ খেলোয়াড়রা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পেয়েছে। প্রতিযোগিতার বিজয়ী দলগুলো পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে ময়মনসিংহকে প্রতিনিধিত্ব করবে।

সর্বশেষ সংবাদ

1 2 3 … 33