চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু
জুলাই ১৮ ২০২৬, ২০:৫৩
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় চুরির অভিযোগে মারধরের পর ইমন মিয়া ওরফে লিমন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমন মিয়া একই গ্রামের নুরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইমন মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় চুরির অভিযোগ ছিল। এসব অভিযোগের কারণে তিনি বেশ কিছুদিন ধরে এলাকা ছেড়ে ছিলেন। তবে মাঝেমধ্যে গ্রামে এসে বিভিন্ন স্থানে চুরি করে চলে যেতেন বলে স্থানীয়দের দাবি।
সূত্র জানায়, শুক্রবার (১৭ জুলাই) গভীর রাতে পুরানবাড়ি গ্রামের পল্লী চিকিৎসক লিটন মিয়ার বাড়িতে চুরির অভিযোগ ওঠে ইমনের বিরুদ্ধে। পরে পালিয়ে যাওয়ার সময় আঠারবাড়ি রেলওয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয় লোকজন তাকে আটক করলে চুরি মালামাল ফেরত দেয় ইমন। এসময় তাকে গণধোলাই দেওয়ার পর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে এনে বেঁধে রাখা হয়। একপর্যায়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়ে তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
নিহতের সৎমা পারভীন আক্তার জানান, ইমন চুরিচামারি করত। তাকে ধরে বাড়িতে নিয়ে আসার পর লজ্জায় দেখতে যাইনি। কিছুক্ষণ পর শুনি সে মারা গেছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরী করা হচ্ছে। উর্ধতন কতৃপক্ষ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের পর আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
