কেন্দুয়ায় ব্যবসায়ীর ওপর পেট্রোল নিক্ষেপ, দগ্ধ ব্যবসায়ীকে ঢাকায় নেওয়া হয়েছে : অভিযুক্ত আটক

কেন্দুয়ায় ব্যবসায়ীর ওপর পেট্রোল নিক্ষেপ, দগ্ধ ব্যবসায়ীকে ঢাকায় নেওয়া হয়েছে : অভিযুক্ত আটক

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সাহিত্যপুর বাজারে এক মনোহারি ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. খলিলুর রহমান নামে ওই ব্যবসায়ী গুরুতর দগ্ধ হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত সুমন মিয়াকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সাহিত্যপুর বাজারে এ ঘটনা ঘটে।

দগ্ধ খলিলুর রহমান সান্দিকোনা ইউনিয়নের চেংজানা গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি সাহিত্যপুর বাজারে মুদি ও মনোহারি পণ্যের ব্যবসা করেন। পাশাপাশি বোতলজাত পেট্রোলও বিক্রি করতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় একই গ্রামের খদা নেওয়াজ মিয়ার ছেলে সুমন মিয়া খলিলুর রহমানের দোকানে আসেন। একপর্যায়ে দোকানে থাকা পেট্রোল খলিলুর রহমানের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। মুহূর্তেই আগুন তার শরীরে ছড়িয়ে পড়ে। এ সময় দোকানের বিভিন্ন মালামালও পুড়ে যায়।

পরে স্থানীয়রা দ্রুত আগুন নেভানোর পর খলিলুর রহমানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

ঘটনার খবর পেয়ে রাতে কেন্দুয়া থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত সুমন মিয়াকে আটক করা হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে আটক করা হয়েছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ সংবাদ

1 2 3 … 33