বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন ময়মনসিংহ অঞ্চলের সমন্বয় সভা
মে ০৯ ২০২৬, ১৩:২৭
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন, ময়মনসিংহ অঞ্চলের উদ্যোগে অঞ্চল, জেলা ও স্থানীয় পর্যায়ের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মে ২০২৬) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ময়মনসিংহের মহাকালী গার্ল স্কুল অ্যান্ড কলেজে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন আরা খান। সভায় অঞ্চলভুক্ত বিভিন্ন জেলা ও উপজেলার কমিশনার, সেক্রেটারি, ট্রেজারার, আঞ্চলিক কার্যনির্বাহী কমিটির সদস্য, রেঞ্জার এবং অফিস স্টাফসহ মোট ৮০ জন অংশগ্রহণ করেন।
সভায় জেলা ও স্থানীয় পর্যায়ের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন, বার্ষিক কর্মসূচি, প্রতিবেদন দাখিল, বিভিন্ন অনুদানভিত্তিক কার্যক্রম এবং সরকারি বিধি-বিধান অনুসরণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুশৃঙ্খল করতে মতামত তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, তরুণীদের নেতৃত্ব বিকাশ, সামাজিক সচেতনতা ও মানবিক মূল্যবোধ গঠনে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সমন্বয় সভা মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে সহায়ক ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সংগঠনের সকল স্তরে জবাবদিহিতা, দক্ষতা ও কার্যকর নেতৃত্ব নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
