উৎসব মুখর পরিবেশে নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সেপ্টেম্বর ০১ ২০২৬, ১৯:৫৯
বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উৎসবের আমেজে মুখর হয়ে উঠেছিল বর্তমান বিএনপি সরকারের আমলে সদ্য গঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলা।
এ উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল থেকেই নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে দলটির নেতাকর্মীরা জাতীয় ও দলীয় পতাকা, ব্যানারএবং ফেস্টুন নিয়ে দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দিপাড়া বাজারে দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। হাজারো নেতাকর্মীর পাশাপাশি বিপুল সংখ্যক সাধারন মানুষের উপস্থিতিতে কান্দিপাড়া বাজারে প্রাণচাঞ্চল্য এবং উৎসব মুখর পরিবেশ তৈরি হয় । এ সময় দলীয় শ্লোগানে মুখর হয়ে উঠে পুরো কান্দিপাড়া বাজার এলাকা।
মঙ্গলবার সকালে দক্ষিন গফরগাঁও উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ৭টায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বেলা সাড়ে ১২ টায় স্থানীয় এমপি আক্তারুজ্জামান বাচচুর নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কান্দিপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
স্থানীয় এমপি আক্তারুজ্জামান বাচ্চু বলেন , দক্ষিণ গফরগাঁও এলাকার মানুষের গত ৫০ বছর ধরে একটি দাবী ছিল, স্বপ্ন ছিল দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠনের। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দক্ষিণ গফরগাঁবাসীর এই দাবী পূরণ করে দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন করে দেওয়ায় বিপুল সংখ্যক সাধারন জনতাসহ হাজার হাজার লোক স্বতঃফুর্তভাবে কান্দিপাড়া বাজারে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানমালায় উপস্থিত হয়ে তারেক রহমানের বিএনপি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এছাড়াও গফরগাঁও উপজেলা সদরে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
