ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে ব্যবসায়ী নিহত
আগস্ট ১২ ২০২৬, ২০:২৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাসের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানবোঝাই ট্রলির নিচে চাপা পড়ে মোস্তফা কামাল (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন| বুধবার (১২ আগস্ট) বিকেল ৪টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন গো-হাটা মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে|
নিহত মোস্তফা কামাল উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের সোবহান আলীর ছেলে| স্থানীয়ভাবে তিনি ‘মোস্তফা জামাই’ নামে পরিচিত ছিলেন|
প্রত্যক্ষদর্শীরা জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা এমকে সুপার পরিবহনের একটি বাস বিকেল ৪টার দিকে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের গেট অতিক্রম করে পৌর বাজারের দিকে যাচ্ছিল| বাসটি গো-হাটা মোড়ে পৌঁছালে সামনে থাকা ধানবোঝাই একটি ট্রলিতে ধাক্কা দেয়| এতে ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে মোস্তফা কামালের ওপর উঠে যায়| তিনি ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন|
খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়| পরে গুরুতর আহত মোস্তফা কামালকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন|
দুর্ঘটনার পর বাসটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হলে পুলিশ ধাওয়া করে বাসটি আটক করে থানায় নিয়ে যায়|
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়| পরে ঘাতক বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে| নিহতের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে|
