কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী প্রধানমন্ত্রীর ত্রিশাল আগমনকে ঘিরে মঞ্চ ও মাঠ পরিদর্শনে ডিআইজি
মে ২০ ২০২৬, ১৭:২০
মতিউর রহমান সেলিম, ত্রিশাল ( ময়মনসিংহ) প্রতিনিধি :
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন ময়মনসিংহের ত্রিশালে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে ঐতিহাসিক
নজরুল মঞ্চ ও সরকারি নজরুল একাডেমি মাঠ পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।
আগামী ২৩ মে শনিবার তিন দিনব্যাপী জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ত্রিশালে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া একটি খাল খনন কার্যক্রমেরও উদ্বোধন করবেন তিনি। এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে নজরুল অডিটোরিয়ামে তিনি ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে তিনি অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন এবং নিরাপত্তা ব্যবস্থার সার্বিক খোঁজখবর নেন। মাঠ ও মঞ্চ পরিদর্শন ছাড়াও তিনি অনুষ্ঠানস্থলের আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ও স্থান ঘুরে দেখেন। আইনশৃঙ্খলা বাহিনীর নেওয়া নানা পদক্ষেপের বিষয়েও তিনি দিকনির্দেশনা দেন।
পরিদর্শনকালে ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সাথে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কামরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এএসপি, ত্রিশাল সার্কেল) ইসরাফিল হাসান, ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদসহ জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
