হালুয়াঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
জুন ২৭ ২০২৬, ২২:৪৩
২০২৫-২৬ অর্থবছরে উফশী রোপা আমন ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককের মাঝে বিনামূল্যে বীজ,সার ও অন্যান্য উপকরণ সহায়তা প্রদানের নিমিত্তে প্রণোদনা কর্মসূচির আওতায় ময়মনসিংহের হালুয়াঘাটে ৩ হাজার কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে|
শনিবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে এ উপলক্ষ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়| অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সুলতানা রোজি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ প্রমূখ|
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান বলেন, উপজেলায় মোট ৩ হাজার কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে|
এ সময় ময়মনসিংহ ১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল বলেন, গত বোরো মৌসুমে বন্যা ও পাহাড়ি ঢলে হালুয়াঘাট উপজেলার কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়েছে| ধান বীজ ও সার দেওয়ার পাশাপাশি চাল ও নগদ অর্থ বরাদ্ধ এনেছি| আমরা কৃষকদের বাছাই করে তাদের মধ্যে এসকল অনুদান দিচ্ছি| কৃষকরা যেন তাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারে সে লক্ষে আমরা কাজ করছি|
