ময়মনসিংহে আধুনিক হেমাটোলজি ডায়াগনস্টিকস নিয়ে বৈজ্ঞানিক সেমিনার

আগস্ট ১৮ ২০২৬, ২২:৫২

ময়মনসিংহে আধুনিক হেমাটোলজি ডায়াগনস্টিকস নিয়ে বৈজ্ঞানিক সেমিনার
ময়মনসিংহে ‘নেক্সট জেনারেশন হেমাটোলজি ডায়াগনস্টিকস: এভিডেন্স, ইনোভেশন অ্যান্ড ক্লিনিক্যাল ইমপ্যাক্ট’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত ৯টায় নগরের দিঘারকান্দা বাইপাস এলাকার একটি রেস্টুরেন্টের হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।
এবিসি একাডেমির আয়োজনে সেমিনারে ময়মনসিংহের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক প্রতিষ্ঠানের চিকিৎসক, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাইন্ড্রে প্রোডাক্টের সাউথ এশিয়া অঞ্চলের জ্যেষ্ঠ বিক্রয় প্রতিনিধি সান্ড্রা লি। অ্যাডভান্সড এবিসি গ্রুপের পণ্য ও প্রযুক্তি নিয়ে উপস্থাপনা করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক (সেলস) মো. মোস্তফা জামান।
সেমিনারে হেমাটোলজি বা রক্তরোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত পরীক্ষা-পদ্ধতি, নির্ভুল রোগ নির্ণয় এবং চিকিৎসাক্ষেত্রে এসব প্রযুক্তির ক্লিনিক্যাল প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় ‘অ্যাডভান্সড সিবিসি: ক্লিনিক্যাল ভ্যালু অব ইন্টিগ্রেটেড সিবিসি+ইএসআর উইথ মাইন্ড্রে হেমাটোলজি সলিউশন’ বিষয়ে একটি বিশেষ উপস্থাপনা দেওয়া হয়। পাশাপাশি ‘নেক্সট জেনারেশন সিবিসি সলিউশন’ নিয়েও আলোচনা করা হয়। পরে অ্যাডভান্সড এবিসি গ্রুপের বিভিন্ন পণ্য ও প্রযুক্তির বৈশিষ্ট্য এবং ব্যবহারিক দিক তুলে ধরা হয়।
আয়োজকেরা জানান, হেমাটোলজি পরীক্ষায় সর্বাধুনিক প্রযুক্তি ও আধুনিক ডায়াগনস্টিক পদ্ধতি সম্পর্কে চিকিৎসকদের ধারণা দেওয়া এবং রোগ নির্ণয় ও চিকিৎসায় এসব প্রযুক্তির কার্যকর ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ সেমিনারের মূল উদ্দেশ্য।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা জাহিদ কামাল। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ইসহাক, কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি ডিরেক্টর খায়রুল ইসলাম, জ্যেষ্ঠ কনসালট্যান্ট সাদেকুল ইসলাম তালুকদার, বায়োকেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ডা. এ এস এম শহীদুল্লাহ, ময়মনসিংহ ক্লিনিক-ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি শামসুদ্দোহা মাসুম, হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ আবদুর রাজ্জাক এবং রাজশাহী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মোর্শেদ জামান মিয়াসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সেমিনারে বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর হেমাটোলজি পরীক্ষা রোগ নির্ণয়ের ক্ষেত্রে সময় কমানোর পাশাপাশি ফলাফলের নির্ভুলতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রোগীর সঠিক চিকিৎসা নিশ্চিত করতে উন্নত ডায়াগনস্টিক প্রযুক্তির কার্যকর ব্যবহার আরও বাড়ানো প্রয়োজন বলেও মত দেন তারা।

সর্বশেষ সংবাদ

1 2 3 30