“বৈষম্যহীন শিক্ষা: আধুনিক রাষ্ট্রের প্রথম শর্ত”:-মো: মাহবুবুল আলম সুমন
মে ০২ ২০২৬, ০৮:৫১
শিক্ষাখাতকে আধুনিক করার কথা আমরা প্রায়ই বলি। কিন্তু আধুনিকতা কেবল প্রযুক্তি, স্মার্ট ক্লাসরুম বা নতুন কারিতকুলামের নাম নয় এর মূল ভিত্তি হলো ন্যায়, সমতা ও অন্তর্ভুক্তি। আর এই ভিত্তি দৃঢ় করতে হলে সবার আগে প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় ঐকমত্য।
দুঃখজনকভাবে, আমরা প্রায়ই আধুনিকায়নের নামে এমন কিছু সিদ্ধান্ত নেই, যা প্রকৃতপক্ষে বৈষম্যকে আরও গভীর করে। মেধাবী শিক্ষার্থী বাছাই করে আলাদা সুবিধা দিয়ে পড়ানোর ব্যবস্থা হয়তো শুনতে আকর্ষণীয়, কিন্তু এটি সমাজের বৃহত্তর অংশকে পিছনে ফেলে দেয়। একইভাবে, নির্বাচিত কিছু শিক্ষককে অধিক সুযোগ-সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠানে রেখে বাছাইকৃত শিক্ষার্থীদের পড়ানো এতে শিক্ষার মান সার্বিকভাবে উন্নত হয় না, বরং একটি সীমিত গন্ডির মধ্যেই আটকে থাকে।
শিক্ষা কখনোই কিছু মানুষের জন্য বিশেষ সুবিধা নয়; এটি সবার অধিকার। একটি রাষ্ট্র যদি শুরু থেকেই শিশুদের মধ্যে বৈষম্যের বীজ বপন করে তাহলে ভবিষ্যতে একটি বিভক্ত, অসাম্য সমাজই তৈরি হবে। এনজিও পরিচালিত, প্রাইভেট, বেসরকারি, এমপিওভুক্ত ও সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা আলাদা নীতিমালা রাখা মানে হলো শৈশব থেকেই অসমতা শেখানো।
অন্যদিকে, অতীতের সব সিদ্ধান্তকে একেবারে অগ্রাহ্য করাও সমাধান নয়। একটি রাষ্ট্রের ধারাবাহিকতা থাকে। পূর্ববর্তী সরকারের সবকিছুই ভুল—এই ধারণা নিলে কিছু মানুষ হয়তো সুবিধা পাবে, কিন্তু জাতির সামগ্রিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে। বরং প্রয়োজন ভালো সিদ্ধান্ত গুলোকে ধরে রাখা, খারাপগুলোকে সংশোধন করা, এবং একটি সমন্বিত পথ খুঁজে বের করা।
রাষ্ট্রের পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে শিক্ষা একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এখানে কোনো প্রকার বৈষম্য থাকা উচিত নয়। অর্থায়ন যেখান থেকেই আসুকদাতা সংস্থা, উন্নয়ন সহযোগী বা ব্যক্তিগত উদ্যোগ রাষ্ট্রের নীতিমালা হতে হবে এক ও অভিন্ন, ন্যায়ভিত্তিক এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিতকারী।
আমাদের মনে রাখতে হবে—
একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে শ্রেণিকক্ষে, আর সেই ভবিষ্যৎ তখনই উজ্জ্বল হয়, যখন সেখানে বৈষম্যের ছায়া থাকে না।
এখন সময় এসেছে বিভাজন নয়, ঐক্যের কথা বলার; বিশেষ সুবিধা নয়, সমান সুযোগের পথ বেছে নেওয়ার। তাহলেই সত্যিকার অর্থে একটি আধুনিক, মানবিক ও টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
মো: মাহবুবুল আলম সুমন
প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
পলাশীহাটা স্কুল এন্ড কলেজ,
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ।
