ময়মনসিংহ মেডিকেলে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু
মে ৩০ ২০২৬, ০৭:২৮
স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে গত এক সপ্তাহে ৯ শিশুর মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১, যার মধ্যে সবাই শিশু। শনিবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার।
মৃত দুটি শিশুর মধ্যে একটির বয়স ৪ মাস এবং আরেকটির বয়স ৩ মাস ১৫ দিন। তাদের বাড়ি যথাক্রমে কিশোরগঞ্জ সদরের গাবতলি এবং ময়মনসিংহ সদরের আকুয়া এলাকায়। এদের একজনকে গত ২২ মে এবং আরেকজনকে গত ২৫ মে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে শুক্রবার রাতে তাদের মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের দেয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ৩৮ জন। এর মাঝে হামের উপসর্গ নিয়ে এক শিশুকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ১১৬ শিশু। গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট এক হাজার ৭০৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৫৪৯ শিশু।
চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে হামের লক্ষণ নিয়ে রোগী ভর্তি শুরু হয়। মার্চের মাঝামাঝি থেকে রোগীর সংখ্যা বাড়তে থাকে। রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে ৬৪ শয্যার একটি পৃথক আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। সেখানে তিনটি মেডিকেল টিম দায়িত্ব পালন করছে।
হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, দেশের অনেক শিশু অপুষ্টিতে ভোগে। অপুষ্টির কারণে সংক্রমণের ঝুঁকি বাড়ে, আর হাম হলে সেই জটিলতা আরও তীব্র হয়। ‘শিশুদের জন্য হাসপাতালে আইসিইউ না থাকায় গুরুতর রোগীদের “বাবল সিপ্যাপ” পদ্ধতিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় পাঠানো হচ্ছে।
