হোসেনপুরে উদ্ভাবন নির্ভর বাংলাদেশ বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
জুন ১২ ২০২৬, ২০:৫৬
হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুরে তরুণ শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার এক অনন্য প্রদর্শনীতে অনুষ্ঠিত হয়েছে ‘খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা’।
শুক্রবার দিনব্যাপী হোসেনপুর উপজেলা হল রুমে আয়োজিত এই মেলায় খুদে বিজ্ঞানীদের নিত্যনতুন উদ্ভাবনী প্রকল্প ও আধুনিক চিন্তাভাবনা উপস্থিত দর্শনার্থীদের ভীষণভাবে মুগ্ধ করে।”মেধা-বিজ্ঞান-উদ্যোগ-উদ্ভা বনের দেশ, সবার আগে বাংলাদেশ” এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে মেলাটি অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS)’ এবং সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর যৌথ উদ্যোগে এই বিজ্ঞান মেলার আয়োজন করা হয়।
হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভার সভাপতিত্বে মেলা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাহিদুর ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, হোসেনপুর উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান, যুগ্ন আহবায়ক সফিকুল ইসলাম কাঞ্চন, হোসেনপুর থানা ইনর্চাজ রাশেদুল ইসলাম।
আলোচনা সভায় কাজী নাহিদ ইভা বলেন, বর্তমান প্রজন্মের এই খুদে বিজ্ঞানীদের হাত ধরেই তৈরি হবে আগামী দিনের স্মার্ট বাংলাদেশ। শিক্ষার্থীদের এসব উদ্ভাবনী চিন্তা ও স্টার্টআপ আইডিয়া দেশের সামগ্রিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তরুণ এই বিজ্ঞানীদের যথাযথ পৃষ্ঠপোষকতা ও সরকারি-বেসরকারি সহযোগিতা প্রদান করা হলে, তারা বিশ্বমঞ্চে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সক্ষম হবে।
আয়োজন শেষে বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে সেরা প্রকল্প উপস্থাপনকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে মেডেল, পুরস্কার এবং সম্মাননা সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
