কেন্দুয়ায় বাজারে বেড়েছে চুরির ঘটনা, আতঙ্কে ব্যবসায়ীরা
জুন ০৯ ২০২৬, ২১:৩৯
কেন্দুয়া ( নেত্রকোনা) প্রতিনিধি :
কেন্দুয়া উপজেলার বলাইশিমূল ইউনিয়নের আমলিতলা বাজারে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। বাজারে দীর্ঘদিন ধরে নৈশপ্রহরী ব্যবস্থা না থাকায় চোরচক্রের দৌরাত্ম্য বেড়েছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে সাবেক ছাত্রনেতা তমজিদ হোসেনের একটি ঔষধের দোকানে চুরির ঘটনা ঘটে। এর কয়েকদিন আগেই বাজারের মাহাবুব ইলেকট্রনিকস নামের একটি দোকানেও চুরি হয়। ধারাবাহিক এসব ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
ব্যবসায়ীরা জানান, আমলিতলা বাজারে প্রায় ৮০ থেকে ৯০টি বিভিন্ন ধরনের দোকান রয়েছে। কিন্তু বাজারে কোনো কার্যকর নৈশপ্রহরী ব্যবস্থা না থাকায় রাতের বেলায় দোকানপাটের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। ফলে চুরির ঘটনা বারবার ঘটছে এবং ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
ভুক্তভোগী তমজিদ হোসেন বলেন, অনেক কষ্ট দোকান গড়ে তুলছিলাম। প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। আমাকে অনেক ক্ষতি মূখে পড়েছি।
কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এঘটনায় আইনগত সহায়তা করা হবে।
