জমি বিরোধে সংঘর্ষ ৪ দিন পর ১৪৪ প্রত্যাহার পুলিশের মামলায় আসামী ৫৭০ জন

জমি বিরোধে সংঘর্ষ ৪ দিন পর ১৪৪ প্রত্যাহার পুলিশের মামলায় আসামী ৫৭০ জন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের খারুয়া বাজারে আব্দুর রউফ ও শওকত আলীর মধ্যে জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনার চার দিন পর রবিবার (৭ জুন) বিকাল সাড়ে ৩ টায় প্রশাসনের জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে ।

১৪৪ ধারা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত। তিনি জানান বিকাল সাড়ে ৩ টায় ১৪৪ ধারা প্রত্যাহার করে সর্বসাধারণের জন্য চলাচল স্বাভাবিক করা হয়েছে।

দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় গত শুক্রবার নান্দাইল মডেল থানা পুলিশ বাদী হয়ে দুই পক্ষের ৭০ জনের নাম উল্লেখ করে আরও পাঁচশত অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন। মামলার পর থেকে গ্রেফতার আতঙ্কে খারুয়া বাজারের আশে পাশের লোকজন এলাকা ছাড়া।

স্থানীয়রা জানান, দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনার পর থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টা থেকে খারুয়া বাজারের আশে পাশে  ১৪৪ ধারা জারি করে। এর ফলে বাজারের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। মানুষজনের চলাচল সীমিত হয়ে পড়ে। পুলিশের মামলায় সাড়ে ৫শত আসামী করায় গ্রেফতারের ভয়ে রাতে এলাকায় পুরুষ থাকছে না।

গত বৃহস্পতিবার সকালে আব্দুর রউফ ও শওকত আলীর মধ্যে জমির চৌহদ্দি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ, র‍্যাব-১৪ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং খারুয়া বাজারে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন- সংঘর্ষের ঘটনার পর দু’পক্ষের ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০০ জন কে আসামি করা হয়েছে। এর মধ্যে একজন কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যারা অপরাধী তাদের নামেই মামলা হয়েছে।

সর্বশেষ সংবাদ

1 2 3 … 33