ময়মনসিংহে পৃথক নদীতে ডুবে শিশু ও কলেজছাত্রের মৃত্যু, উদ্ধার মরদেহ
জুন ০৪ ২০২৬, ১৪:৫১
ময়মনসিংহের ফুলপুর ও গৌরীপুর উপজেলায় পৃথক দুটি নদীতে ডুবে এক শিশু ও এক কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে তারা নদীর পানিতে নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দুই উপজেলাতেই অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামের বাসিন্দা হারেজ আলীর মেয়ে মরিয়ম আক্তার (৫) বুধবার বিকেল প্রায় ৪টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অজান্তে বাড়ির নিকটবর্তী মালঝি নদীর তীরে চলে যায়। পরে অসাবধানতাবশত নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয় সে।
পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজে না পেয়ে আশপাশে ব্যাপক অনুসন্ধান শুরু করেন। স্থানীয় লোকজনও নদী ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি চালান। দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয়রা মালঝি নদী থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন জানান, নদীতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের খানপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ও কলেজছাত্র মুকরামিন হাসান (২৩) বুধবার বিকেল ৪টার দিকে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে তিনি নদীর গভীর পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও সফল হননি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। রাতভর অনুসন্ধানের পর বৃহস্পতিবার সকালে ব্রহ্মপুত্র নদ থেকে মুকরামিনের মরদেহ উদ্ধার করা হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন,স্থানীয়রা নদী ও জলাশয়ের আশপাশে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বর্ষা মৌসুমে সাঁতার না জানা ব্যক্তিদের সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছেন।
একদিনের ব্যবধানে জেলার দুটি উপজেলায় নদীতে ডুবে এক শিশু ও এক তরুণের প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
