ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েন
জুন ২২ ২০২৬, ১৯:২২
ঢাকাসহ দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ কার্যক্রমের আওতায় সেনা সদস্যরা দায়িত্ব পালন করবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ ও চট্টগ্রামে প্রয়োজন অনুযায়ী সেনা মোতায়েন করা হবে। এ বিষয়ে সোমবার (২২ মে) সশস্ত্র বাহিনী বিভাগকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট জেলা প্রশাসনকেও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠন ও তাদের সমর্থকদের পক্ষ থেকে বিভিন্ন স্থানে বেআইনি কর্মসূচি, মিছিল কিংবা শোডাউনের চেষ্টা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে জননিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জানমালের সুরক্ষার স্বার্থে উল্লিখিত এলাকাগুলোতে সেনাবাহিনীর সহায়তা প্রয়োজন।
এর আগে ২০২৫ সালের মে মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের মাধ্যমে ওই সিদ্ধান্তের আইনি ভিত্তি তৈরি করা হয়।
এদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পুলিশ জানিয়েছে, নগরীর গুরুত্বপূর্ণ দুই শতাধিক স্থানে বিশেষ তল্লাশি চৌকি বসানো হয়েছে। এর পাশাপাশি রাজধানীর প্রবেশমুখগুলোতে চেকপোস্ট ও নজরদারি বাড়ানো হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, নিয়মিত বাহিনীর পাশাপাশি বিশেষ ইউনিটসহ ১৮ হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়।
