কেন্দুয়ায় শিশু পার্ক খেলার মাঠ ও লোকজ মেলার আশ্বাস দিলেন জেলা প্রশাসক

মে ২১ ২০২৬, ১৫:৫৩

মজিবুর রহমান, কেন্দুয়া :

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নেত্রকোণা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও জনদাবি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাতুল ইসলাম।

সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীর সংকট নিরসন, শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক স্থাপন, যুবসমাজের জন্য আধুনিক খেলার মাঠ নির্মাণ, ঐতিহাসিক রোয়াইলবাড়ি দুর্গকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা, ভারতের অর্থমন্ত্রী হিসেবে খ্যাত নলীন রঞ্জন সরকারের স্মৃতি সংরক্ষণ, শিক্ষা প্রতিষ্ঠানে ভবন সংকট দূরীকরণ এবং স্কুল-কলেজ এলাকায় বখাটেদের আনাগোনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূইয়া মজনু বলেন, কেন্দুয়া একটি ঐতিহ্যবাহী উপজেলা হলেও এখানে শিশুদের বিনোদন ও খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে নতুন প্রজন্মের মানসিক ও শারীরিক বিকাশ ব্যাহত হচ্ছে। একই সঙ্গে লোকজ সংস্কৃতি সংরক্ষণ ও স্থানীয় অর্থনীতি সচল রাখতে নিয়মিত লোকজ মেলার আয়োজনের দাবিও জানান তিনি। তাঁর পূর্ববতী বক্তার বক্তব্যের প্রতি সমর্থন জামান এবং যথাযথ পদক্ষেপ নেওয়া আহবান রাখেন তিনি।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট নেন। পরে তিনি বলেন, জনগণের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে।
তিনি জরুরি ভিত্তিতে কেন্দুয়ায় শিশু পার্ক, খেলার মাঠ এবং লোকজ মেলার আয়োজনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য সমস্যাগুলোও সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সংবাদ

১৩

[yt_playlist_v3 mainid="xcJtL7QggTI" vdid="xcJtL7QggTI,AheYbU8J5Tc,X0zGS4-UKgg,74SZXCQb44s,2M0XCH9q3YI"]