কেন্দুয়ায় ঠিকাদার কায়সারকে তিন মাসের কারাদণ্ড
আগস্ট ০৩ ২০২৬, ২০:৫৬
নেত্রকোণার কেন্দুয়ায় ইয়াবা সেবনের দায়ে মিজানুর রহমান খান কায়সার (৫৫) নামে এক ঠিকাদারকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার সন্ধ্যার পর উপজেলার বঙ্গবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।
দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান খান কায়সার উপজেলার কলসহাটি গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে পেমই তদন্ত কেন্দ্রের এসআই বাবুল মিয়া বঙ্গবাজার এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান কায়সারকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে তিন পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযুক্ত দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, মাদক প্রতিরোধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকবিরোধী এ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
