কেন্দুয়ায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

আগস্ট ৩১ ২০২৬, ২১:১১

কেন্দুয়ায় ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ নিহত ২

নেত্রকোণার কেন্দুয়ায় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন।

সোমবার ( ৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কেন্দুয়া-নেত্রকোণা সড়কের রামপুর চান্দপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, গড়াডোবা ইউনিয়নের বান্দনাল গ্রামের অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া (৩২) এবং আশুজিয়া ইউনিয়নের চান্দপাড়া গ্রামের বাবুর স্ত্রী লিজা আক্তার (৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রীবোঝাই একটি অটোরিকশা রামপুর বাজার থেকে কেন্দুয়ার দিকে যাচ্ছিল। পথে রামপুর চান্দপাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া ও যাত্রী লিজা আক্তারের মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।

কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ সংবাদ

1 2 3 30