কেন্দুয়ায় ঝড়ে লণ্ডভণ্ড হতদরিদ্র শহিদ মিয়ার শেষ আশ্রয়
এপ্রিল ২৬ ২০২৬, ১৪:৪৬
নেত্রকোনা সংবাদদাতা : নেত্রকোনার কেন্দুয়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে গেছে হতদরিদ্র শহিদ মিয়ার একমাত্র বসতঘর। শনিবার (২৫ এপ্রিল) গভীর রাতে ঝড়ের ভয়াল আঘাতে একটি বড় আমগাছ ভেঙে তার ঘরের ওপর পড়ে। এতে এক নিমিষেই ধ্বংস হয়ে যায় তার জীবনের শেষ সম্বল।
শহিদ মিয়া উপজেলার দলপা ইউনিয়নের কুনিহাটি কান্দাবাড়ি গ্রামের মৃত ফসর আলীর ছেলে। ঝড়ের তীব্রতায় ঘরের ওপর সজোরে ভেঙে পড়া গাছটি পুরো ঘরটিকে বিধ্বস্ত করে দেয়। তবে সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ঘটেনি।
ঘরের ভেতরে থাকা ফ্রিজ, চৌকি, আসবাবপত্রসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্র ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রাতের অন্ধকারে প্রাণ বাঁচাতে বাইরে ছুটে বের হলেও এখন পরিবারটির মাথা গোঁজার ঠাঁই নেই। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই রাতে ঝড়ে শহিদ মিয়ার বসতঘর ছাড়াও বিভিন্ন এলাকায় একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার জন্য আবেদন করতে বলা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাতুল ইসলাম বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
