ঈশ্বরগঞ্জে বস নম্বর ওয়ান ভেজাল তেল জব্দ: দুইজনের কারাদণ্ড

ঈশ্বরগঞ্জে বস নম্বর ওয়ান ভেজাল তেল জব্দ: দুইজনের কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বস নম্বর ওয়ান নামে ভেজাল সয়াবিন তেল বাজার জাতের অভিযোগে দুই ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত| এ সময় তাদের কাছ থেকে ৬৬০ বোতল সয়াবিন তেল জব্দ করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে পৌরশহরের ইমিউন হাসপাতালের সামনে ধ্বংস করা হয়| বিনষ্ট করা তেলের আনুমানিক বাজার মূল্য ৭৫ হাজার টাকা|

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়| অভিযানে ঈশ্বরগঞ্জ থানার পুলিশের একটি দল উপস্থিত ছিল|
দণ্ডপ্রাপ্তরা হলেন, ময়মনসিংহ নগরের মহজমপুর এলাকার বাসিন্দা ও ভেজাল তেল ডেলিভারিম্যান হানিফ মিয়া (৬০) এবং ময়মনসিংহ সদর উপজেলার চরনিলক্ষিয়া উজানপাড়া এলাকার অটো চালক জুনাইদ আলী (৪০)|

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ২৭টি কার্টনে ৪৫০ গ্রাম ওজনের মোট ৬৬০টি ভেজাল সয়াবিন তেলের বোতল রাখা ছিল| এসব ভেজাল তেল ঈশ্বরগঞ্জ, নান্দাইল, গৌরীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নেওয়া হচ্ছিল|
জব্দ করা বোতলগুলোর গায়ে BOSS Number-1 Fortified Soyabean Oil লেখা ছিল| বোতলের লেবেলে প্রস্তুতকারক হিসেবে Arikh Consumer Products Ltd স্বদেশ টাওয়ার, ১ম তলা, নোটারি, গাজীপুর, বাংলাদেশ এমন তথ্য উল্লেখ ছিল|

ভ্রাম্যমাণ আদালতের কাছে দণ্ডপ্রাপ্তদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, ময়মনসিংহ সদর উপজেলার মেইলঘাট ও চায়না মোড় এলাকার নাজমা খাতুন নামের এক নারী ওই কোম্পানির ডিলার বলে জানা গেছে| তার মাধ্যমে ঈশ্বরগঞ্জসহ আশপাশের এলাকায় এসব তেল সরবরাহ ও বাজারজাত করা হচ্ছিল বলে আদালত সূত্রে জানানো হয়|

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান বলেন, ভেজাল বা অননুমোদিত খাদ্যপণ্য বাজারজাত করে মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরির কোনো সুযোগ নেই| এ ধরনের পণ্য যাতে বাজারে ছড়িয়ে পড়তে না পারে, সে জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে| ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় দুইজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে| জন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো পণ্য পাওয়া গেলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে|

সর্বশেষ সংবাদ

1 2 3 30