ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করায় থানায় মামলা, গ্রেফতার ৩

ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করায় থানায় মামলা, গ্রেফতার ৩

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ| মামলায় ৪৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে| এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ|

বুধবার বিকেলে ঈশ্বরগঞ্জ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে| এর আগে গত মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের হারুয়া বাসস্ট্যান্ড এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি শেখ অলিউল্লাহ রাসেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়|

ওই মিছিল ও সমাবেশের ঘটনায় ১২ আগস্ট মাইজবাগ, মগটুলাসহ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায় ঈশ্বরগঞ্জ থানা পুলিশ| অভিযানে মিছিল ও সমাবেশে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়|
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরি গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে ও ঢাকা উত্তর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাদ্দাম হোসেন (২৮), মাইজবাগ ইউনিয়নের হারুয়া (সাদারপাড়া) গ্রামের আব্দুর রউফের ছেলে ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী আনিছুর রহমান (৩৩) এবং মগটুলা ইউনিয়নের ছাতিয়ানতলা বৈরাটি গ্রামের আব্দুল আজিজের ছেলে ও মগটুলা ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য কামরুজ্জামান (৩৪)| পুলিশের দাবি, গ্রেফতার তিনজনই ১১ আগস্ট ভোরের বিক্ষোভ মিছিল ও সমাবেশে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন| বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে|

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়েছে| তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে| মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে|

সর্বশেষ সংবাদ

1 2 3 30