হালুয়াঘাটে বিয়ের প্রলোভনে প্রতারণা ও হয়রানির অভিযোগে তরুণীর সংবাদ সম্মেলন
জুলাই ২৯ ২০২৬, ২০:০৬
oplus_0
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও পরিবারকে নানাভাবে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তামান্না আক্তার নামের এক ভুক্তভোগী তরুণী।
বুধবার হালুয়াঘাট প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি অভিযুক্ত যুবক রিত্তিকে দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
অভিযুক্ত রিত্তিক হালুয়াঘাট উপজেলার ৭ নম্বর শাকুয়াই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গুণাপাড়া এলাকার কাসেম মিয়ার ছেলে। গত তিন বছর ধরে রিত্তিকের সাথে ওই তরুণীর প্রেমের সম্পর্ক চলে আসছে।
বিভিন্ন সময়ে বিয়ের মিথ্যা আশ্বাস দিয়ে রিত্তিক বিভিন্ন সময়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এছাড়া বিভিন্ন অজুহাতে তরুণীর কাছ থেকে প্রচুর পরিমাণ অর্থও হাতিয়ে নেন তিনি।
সম্প্রতি তরুণী বিয়ের তাগাদা দিলে রিত্তিক টালবাহানা শুরু করেন এবং শেষ পর্যন্ত বিয়ে করতে পরিষ্কার অস্বীকৃতি জানান।
এই বিষয়টি রিত্তিকের পরিবারকে জানানোর পর তারা উল্টো ক্ষিপ্ত হয়ে ওঠে। বিশেষ করে অভিযুক্ত যুবকের বড় চাচা তরুণী ও তার পরিবারকে নানা ধরনের ভয়ভীতি দেখাচ্ছেন। এমনকি তরুণীর মাকে মারধর করার হুমকিও প্রদান করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
বর্তমানে রিত্তিক ও তার পরিবারের লোকজনের হুমকিতে ওই তরুণী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী তামান্না।

