ত্রিশালে উচ্ছেদ অভিযানে ১১৮ শতাংশ সরকারি খাসজমি দখলমুক্ত
জুলাই ২৫ ২০২৬, ২২:৫৬
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার রামপুর মৌজায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রাখা ১১৮ শতাংশ সরকারি খাসজমি উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন|
পৌরশহরের দরিরামপুর গ্রামের ৭নং ওয়ার্ড এলাকায় ১নং খাস খতিয়ানের ১১৮ শতাংশ সরকারি খাসজমিতে স্থানীয় ইদ্রিস আলী প্রোল্ট্রি ফার্ম স্থাপন করে দীর্ঘদিন ধরে ভোগদখলে ছিলেন| সরকারি খাসজমির দখল ছাড়তে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) একাধিকবার কথা বললেও তিনি তা কর্ণপাত করেননি|
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত সিদ্দিকীর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভুমি) মাহবুবুর রহমান| অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করে জমির দখল সরকারের অনুকুলে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে বলে দাবি উপজেলা প্রশাসনের|
উচ্ছেদ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় ত্রিশাল থানা পুলিশের একটি দল দায়িত্ব পালন করেন| এছাড়াও রামপুর ইউনিয়ন ভূমি অফিস, ত্রিশাল পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনগণ অভিযানে সার্বিক সহযোগিতা করেন|
সহকারী কমিশনার (ভুমি) মাহবুবুর রহমান জানান, সরকারি খাসজমি দখলমুক্ত করে জন স্বার্থে সংরক্ষণ এবং সরকারি সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে| সরকারি জমি অবৈধভাবে দখল বা ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে|
