টানা আটবার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন কেন্দুয়ার দুলাইন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়

জুন ১৭ ২০২৬, ২১:৫৩

মজিবুর রহমান, কেন্দুয়া থেকে :
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার প্রত্যন্ত গ্রামের একটি শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু ক্রীড়াঙ্গনে তাদের সাফল্যের গল্প এখন জাতীয় পর্যায়ের আলোচনার বিষয়। ভারসাম্য দৌঁড় প্রতিযোগিতায় টানা আটবার জাতীয়
পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে অনন্য এক রেকর্ড গড়েছে কেন্দুয়ার মাসকা ইউনিয়নের দুলাইন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সর্বশেষ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাদিয়া আক্তার ভারসাম্য দৌঁড়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিদ্যালয়ের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেছে। এর মধ্য দিয়ে ২০১৬ সাল থেকে শুরু হওয়া বিদ্যালয়টির জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখার ধারাবাহিকতা অষ্টমবারের মতো বজায় থাকল।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিবছর ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অতিক্রম করে জাতীয় পর্যায়ে অংশ নেয় বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কঠোর অনুশীলন, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং শিক্ষার্থীদের একাগ্রতার ফলে ধারাবাহিকভাবে এই সাফল্য অর্জিত হচ্ছে। শুধু ভারসাম্য দৌঁড়ই নয়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টেও জাতীয় পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।
গত বছরও ভারসাম্য দৌঁড়ের ছেলে ও মেয়ে উভয় বিভাগে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিদ্যালয়টি। এ কারণে জেলার ক্রীড়াঙ্গনে বিদ্যালয়টি এখন একটি অনুকরণীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক বলেন, টানা আটবার জাতীয় পর্যায়ে প্রথম হওয়ার কৃতিত্ব আমাদের জন্য অত্যন্ত গর্বের। শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমরা ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
কেন্দুয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জোবায়ের আহমেদ হিলালী ইমন বলেন, একটি গ্রামীণ বিদ্যালয়ের এমন ধারাবাহিক সাফল্য সত্যিই প্রশংসনীয়। এটি শুধু কেন্দুয়ার নয়, সমগ্র জেলার জন্য গৌরবের বিষয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলাম বলেন, টানা আটবার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া একটি অসাধারণ অর্জন। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এজন্য অভিনন্দনের দাবিদার। তাদের এই সাফল্য অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
প্রত্যন্ত অঞ্চলের একটি বিদ্যালয় হয়েও জাতীয় পর্যায়ে বারবার সাফল্য অর্জন করে দুলাইন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমাণ করেছে সুযোগ, পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা থাকলে গ্রাম থেকেই উঠে আসতে পারে দেশের সেরা ক্রীড়াবিদ। বিদ্যালয়টির এই অনন্য অর্জন এখন কেন্দুয়াসহ সমগ্র নেত্রকোণাবাসীর গর্ব।

সর্বশেষ সংবাদ

1 2 3 19