ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
জুন ১৪ ২০২৬, ১৭:০২
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদকের টাকা না পেয়ে বাবার ওপর অভিমান করে অলী উল্লাহ (২৬) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে| তার বাড়ি উপজেলার ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের এয়াজনগর গ্রামে| সে ওই গ্রামের মোস্তফার ছেলে| শনিবার সকালে একটি মেহগনি গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়|
পারিবারিক ও থানায় অভিযোগ সূত্রে জানা যায়, অলী উল্লাহ দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিল| মাদকাসক্তির কারণে সে বেপরোয়া চলাফেরা করত| ১২ জুন শুক্রবার বিকেলে তার পিতা মোস্তফার কাছে মাদক সেবনের জন্য দুই হাজার পাঁচশত টাকা দাবি করে| কিন্তু বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে অলী উল্লাহ চরম ক্ষিপ্ত ও রাগান্বিত হয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায়| এরপর রাতে আর বাড়ি ফেরেনি|
১৩ জুন সকালে নিহতের ছোট চাচা মঞ্জু মিয়া বাড়ির পূর্ব পাশে একটি মেহগনি গাছের ডালে অলী উল্লাহর মরদেহ ঝুলতে দেখেন| তার ডাক চিৎকারে পরিবারের সদস্যরা সহ আশেপাশের লোকজন ছুটে এসে অলী উল্লাহকে গলায় ফাঁস দিয়ে মেহগনি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়| স্বজনদের ধারণা বাবার ওপর অভিমান করে রাতের যেকোনো সময় সে আত্মহত্যা করে|
এই ঘটনায় নিহতের পিতা মোস্তফা ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন| সন্তানকে হারিয়ে পুরো পরিবার এখন গভীরভাবে শোকাহত|
এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রবিউল আজম জানান, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছে| এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে| পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে|
