মাদকসেবী জামাইয়ের হুমকিতে আতঙ্কে শ্বশুরবাড়ির লোকজন

জুন ০৮ ২০২৬, ১৯:১৮

সাইফুল ইসলাম তালুকদার, ঈশ্বরগঞ্জ :

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের ভালুকবেড় (আগপাড়া) গ্রামে মাদকসেবী জামাইয়ের হামলা ও ধারাবাহিক হুমকিতে আতঙ্কে দিন কাটাচ্ছেন শ্বশুরবাড়ির সদস্যরা| পারিবারিক কলহের জেরে শাশুড়িকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে জামাইসহ চারজনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে|
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২০ সালের নভেম্বর মাসে একই গ্রামের হাছেন আলীর ছেলে আনারুলের সঙ্গে সোমার বিয়ে হয়| তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে| পরিবারের দাবি, স্ত্রীর চাকরির জমানো অর্থ ও ঋণের টাকা দিয়ে একটি বসতঘর নির্মাণ করা হলেও বিয়ের পর থেকেই আনারুলের মাদকাসক্তির বিষয়টি সামনে আসে| নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই স্ত্রীকে শারীরিক নির্যাতন করতেন|

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৩ এপ্রিল ২০২৬ বিকেলে আনারুল তার পরিবারের সদস্যদের নিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়| এ সময় শাশুড়ি রুজিনা বেগম প্রতিবাদ করলে আনারুল লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে| এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়| তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়| পরে আহত অবস্থায় রুজিনাকে উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়|

ভুক্তভোগী রুজিনা বেগম জানান, ঘটনার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলেও অভিযুক্তরা কোনো সিদ্ধান্ত মানেনি| বরং উল্টো বিভিন্ন সময়ে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে| তিনি আরও অভিযোগ করেন, গত ৬ জুন দুপুরে তার দেবর শফিক মিয়া ও চাচাতো দেবর লোকমান মিয়াকে রাস্তায় একা পেয়ে মারধরের চেষ্টা করা হয়| এ কারণে পুরো পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে|

অভিযোগের বিষয়ে জানতে আনারুলের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি| তবে তার বোন ফরিদা ও বড় ভাই আমিরুলের স্ত্রী সাজিয়া বেগম বলেন, স্বামী-স্ত্রীর বিষয় নিয়ে আমাদের কিছু বলার নেই| তাদের নিজেদের বিষয় তারা বুঝবে|

এ বিষয়ে রবিউল আজম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি| বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে|

সর্বশেষ সংবাদ

1 2 3 19