ময়মনসিংহে বিএসটিআই এর আয়োজনে বিশ্ব মেট্রোলজি দিবস উদ্যাপন
মে ২০ ২০২৬, ১৬:১৯
স্টাফ রিপোর্টার :
“নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি” এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার (২০ মে) সকালে জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী এনডিসি। এসময় তিনি বলেন, বর্তমান সময়ে খাদ্যদ্রব্যে ভেজাল মিশানো নিত্য দিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এটা একবারও চিন্তা করি না আমরা একজন আরেকজনের উৎপাদিত পণ্যই ভোগ করছি। দিন শেষে আমিও ভেজাল খাচ্ছি যেটা হয়তো নিজে উৎপাদন করি না। তাই আমাদের আগে নিজেদের সচেতন হতে হবে। নিজেদের মূল্যবোধ বিবেকবোধকে কাজে লাগাতে হবে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে অনলাইন ভিত্তিক যে বাজার তৈরি হয়েছে, সেখানে অনেক সুপার ফুড, কসমেটিক প্রসাধনীরমত গুরুত্বপূর্ণ পণ্য নামে-বেনামে বিক্রি করা হচ্ছে। যা স্বাস্থ্য ও ত্বকের জন্য খুবই ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। তাই সেইদিকেও আমাদের নজর রাখতে হবে। আগামীর প্রজন্মকে সুস্থ ও স্বাভাবিক রাখতে এখন থেকেই আমাদের সচেতন থাকতে হবে।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রাশিদা বেগম. ময়মনসিংহ র্যাব-১৪, অ্যাডজুটেন্ট (ল অফিসার) মোঃ এনামুল হক, দি ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক মোঃ মনসুর আলম (চন্দন) সিআইপি, পেট্রোল পাম্প এসোসিয়েশন সভাপতি জয়নাল আবেদিন প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান মজুমদার।
সভাপতি বলেন, আমাদের ব্যবসায়ী ও ভোক্তার মধ্যে আস্থার জায়গা তৈরি হতে হবে। বর্তমান সময় দেখা যাচ্ছে ভোক্তারা ব্যবসায়ীদের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। তাই ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে আমাদের আস্থা তৈরি করতে হবে। যার মাধ্যমে কাঙ্ক্ষিত প্রতিফলন পাওয়া সম্ভব।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিএসটিআই ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মেট্রোলজি),বিভাগের উপ-পরিচালক সঞ্জয় কুমার সরকার। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও “বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউট” কর্তৃক প্রতিবছরের ২০ মে “বিশ্ব মেট্রোলজি দিবস” যথাযথ মর্যাদায় নিয়মিতভাবে পালন করা হয়ে থাকে। মেট্রোলজির মূল উদ্দেশ্য শিল্পায়ন, আন্তর্জাতিক বাণিজ্য, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় সঠিক এবং নির্ভরযোগ্য পরিমাপের ভূমিকা সম্পর্কে জনসচেতনতা তৈরি করা। একই সাথে মান প্রণয়ন ও বাস্তবায়ন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতকরণে যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। এসময় বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, বিএসটিআই কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
