ধান ক্ষেতে কৃষককে কুপিয়ে হত্যা
এপ্রিল ২৯ ২০২৬, ১৪:০০
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ত্রিশালে মঠবাড়ী ইউনিয়নের বামনাখালি মধ্যপাড়া গ্রামে মোতালেব হোসেন ৫৫) নামে এক কৃষককে ধান ক্ষেতেই কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২৮ এপ্রিল মঙ্গলবার রাতে ঘটেছে এ ঘটনা। তবে হত্যাকান্ডের কোনো কারণ এখনো জানা যায়নি।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মঠবাড়ী ইউনিয়নের বামনাখালি মধ্যপাড়া গ্রামের মৃত মাইনুল্লাহ শেখের ছেলে মোতালেব হোসেন বোরো ধানের আবাদ করেছেন অনেকটা জমি জুড়ে। ইতিমধ্যেই মাঠের সবগুলো ক্ষেতের ধান পেকে গেছে। চলছে ধান কাটা। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার বিকেলেও পাকা ধানের ক্ষেত দেখতে বাড়ি বের হয়েছিলেন মোতালেব। দেরি হাওয়ায় বাড়ির লোকজন ভেবেছিলেন হয়তো কোথাও বসে তিনি আড্ডা দিচ্ছেন। এজন্য কেউ কোন খোঁজ খবরই নেই নাই।
বাড়ির অদূরে হোগলাই বিল। ওই বিল থেকে প্রতিদিন তাদের বাড়ির লোকজন মাছ ধরেন। এদিন রাত সাড়ে আটটার দিকে তার ছেলে, নাতি ও ভাই মুঞ্জুরুল যাচ্ছিলেন বিলে মাছ ধরতে। পথিমধ্যে একটি ধান ক্ষেতে মোতালেবের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। তার মাথায় ও ঘাড়ে এলোপাথারি কোপের চিহ্ন ছিল। বিষয়টি ত্রিশাল থানা পুলিশকে অবগত করেন তার স্বজনরা। পরে খবর পেয়ে রাত সাড়ে দশটার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বুধবার সকালে লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় ত্রিশাল থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। তবে পুলিশ হত্যাকা-ের কোন কারণ এখনো জানতে পারেনি।
এদিকে নিহত মোতালেবের পাশেই পড়েছিল তার মোবাইল ফোন। কোমরে বাঁধা কাপড়ের থলেতে থাকা ৩৮ হাজার ৬৪৫ টাকা ছিল অক্ষত। তাকে এলোপাথারি কোপালেও তার সঙ্গে থাকা টাকা না নিয়ে হত্যাকান্ডের ঘটনাটি জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে।
নিহতের ছেলে আলী হোসেন বলেন, মাগরিবের নামাজের আগে ধানক্ষেত দেখতে বাড়ি থেকে বের হয়েছিলেন আমার বাবা। কে বা কারা ধান ক্ষেতে আমার বাবাকে কুপিয়ে হত্যা করেছে।
ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ জানান, হত্যাকান্ডের কোন কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত মোবাইল সেট ও শরীর তল্লাশি করে একটি থলের ভেতর থেকে ৩৮ হাজার ৬শ টাকা পাওয়া গেছে। ঘটনার কারণ শনাক্তে তদন্ত চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
