কেন্দুয়ায় জমির দখলকে কেন্দ্র করে সংঘর্ষে প্রাণ গেল গৃহবধূর

এপ্রিল ২২ ২০২৬, ০৯:৪৪

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সোমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সোমা আক্তার আমতলা কোনাপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের নূরুল ইসলাম ও তার মরহুম ফুফাত ভাই শামসুদ্দিনের ছেলে শাহীন মিয়ার মধ্যে ৯ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে মাটি ভরাট করতে শাহীন মিয়া লোকজন নিয়ে সেখানে গেলে নূরুল ইসলাম ও তার পক্ষের লোকজন বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে সোমা আক্তার গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। গুরুতর আহত ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন আসমা আক্তার (৪৫), সোহেল (৩৬), হারুনা আক্তার (৬০), শিখা আক্তার (২০), শারমিন আক্তার (২৫), নূরুল ইসলাম (৬০) ও শাহীন মিয়া (৩২)। এছাড়া নিহতের স্বামী সাদ্দাম হোসেন ও পিতা আব্দুস সাত্তারসহ আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
নিহতের পরিবারের দাবি, তাদের দখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছিল শাহীন মিয়া। এ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। বুধবার সকালে ভেকু মেশিন দিয়ে জমিতে মাটি ভরাট করতে গেলে বাধা দেওয়ায় তাদের ওপর হামলা চালানো হয়।
এ বিষয়ে কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ জানান, নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

১৩

[yt_playlist_v3 mainid="xcJtL7QggTI" vdid="xcJtL7QggTI,AheYbU8J5Tc,X0zGS4-UKgg,74SZXCQb44s,2M0XCH9q3YI"]