ত্রিশালে রানারআপ অর্জনকারী খুদে শিক্ষার্থীদের গনসংবর্ধণা
জুন ২১ ২০২৬, ২১:১১
প্রধানমন্ত্রীর হাত থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহনের গৌরব অর্জন করতে না পারলেও আগামী বছর চ্যাম্পিয়ন ট্রফির প্রত্যাশায় নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর জাতীয় পর্যায়ে ফাইনাল খেলায় অংশগ্রহন করা রানারআপ অর্জনকারী ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা|
শনিবার বিকেলে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা| এতে অংশগ্রহন করে ময়মনসিংহের ত্রিশালের দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বরিশালের বাকেরগঞ্জ দড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়| এতে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে হেরে গেলেও রানারআপ এর কাপ অর্জন করে| বিজয়ী ও রানারআপ অর্জনকারীদের হাতে ট্রফি তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান| এতো বিশাল পরিসরে আর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, এর সবই যেন খুদে শিক্ষার্থীদের কাছে ছিল স্বপ্নের মতো| তাই তো আগামী বছর চ্যাম্পিয়ন ট্রফির প্রত্যাশায় নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা|
রোববার বিকেল সোয়া তিনটার দিকে ঢাকা থেকে নিজ বিদ্যালয়ে ফিরেন রানারআপ জয়ী দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা| তার মিনিট পনেরো পরে উপজেলা প্রশাসন আয়োজিত একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ত্রিশাল পৌরশহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে|
এরপর ফাইনাল খেলায় অংশগ্রহনের গৌরব অর্জন করায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্ত্বরে খুদে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সবাইকে গণসংবর্ধনা দেয়া হয়| এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী, সহকারী কমিশনার (ভুমি) মাহবুবুর রহমান, ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ওসি মনসুর আহাম্মদ প্রমূখ| সংবর্ধণা শেষে খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সবাইকে উপহার সামগ্রী দেন উপজেলা প্রশাসন| তাদের মুখে তোলে দেয়া হয় মিষ্টি| এসময় শিক্ষার্থীদের উল্লাস, আনন্দঘন পরিবেশ আর আঁতশবাজির শব্দে মুখরিত হয় উপজেলা পরিষদ প্রাঙ্গণ|
দলের অধিনায়ক সোয়াইব হোসেন অনিক বলেন, এবার ভালো করতে পারিনি, তবে আগামী বছর চ্যাম্পিয়ন ট্রফি জয়ের প্রত্যাশায় নিয়মিত অনুশীলন করে যাবো|
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ অংশগ্রহন করে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ টি বিদ্যালয়কে পরাজিত করে ত্রিশাল উপজেলা পর্যায়ে প্রথমস্থান অর্জন করে| এরপর জেলা ৪ টি ও বিভাগীয় পর্যায়ের ২ টি খেলা শেষে জাতীয় পর্যায়ের কোয়াটার ফাইনাল ও সেমিফাইনালে জয়ী হয়ে ধাপে ধাপে ফাইনালে উঠে| তিনমাসব্যাপি অনুশীলনে টিম ম্যানেজারের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিয়াদুল হাসান| রুকুনুজ্জামান লিটন কোচ ও সহকারী কোচের দায়িত্বপালন করেন তারিকুল ইসলাম|
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম জানান, চ্যাম্পিয়ান ট্রফি জয়ের জন্য টানা তিন মাস কঠোর অনুশীলন করেছে শিক্ষার্থীরা| আমি শতভাগ আশা করেছিলাম আমার স্কুল চ্যাম্পিয়ান হবে| তবে আগামী বছরের প্রস্তুতির জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাব|
উপজেলা নির্বার্হী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলায় অংশগ্রহন উপজেলার জন্য সম্মান বয়ে এনেছে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়| তাদের এ কৃতিত্বে সংবর্ধণা দেয়া হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে|
