Dainik Swajan

থাইল্যান্ডে ট্রেন-বাস সংঘর্ষে আগুন, নিহত ৮

প্রকাশিত: ১৬ মে ২০২৬, ০৪:৩২ অপরাহ্ণ
থাইল্যান্ডে ট্রেন-বাস সংঘর্ষে আগুন, নিহত ৮

স্বজন ডেস্ক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

শনিবার ব্যাংককের একটি রেলক্রসিংয়ে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল।

উদ্ধারকর্মীরা জানান, ট্রেনের ধাক্কায় গণপরিবহন হিসেবে ব্যবহৃত বাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে তা পাশে থাকা অন্যান্য যানবাহনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এই ভয়াবহ দুর্ঘটনায় ট্রেন ও বাস ছাড়াও কয়েকটি গাড়ি এবং মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।

দমকল কর্মীরা যখন পানির হোস পাইপ দিয়ে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করছিলেন, তখন উদ্ধারকারী দল দুমড়েমুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে আহতদের বের করে আনার কাজে ব্যস্ত ছিল।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে। উদ্ধারকর্মীরা এখন দুর্ঘটনাকবলিত এলাকায় তল্লাশি চালানোর পাশাপাশি হতাহতদের অন্যান্যদের খোঁজে কাজ করছেন।

ভয়াবহ এই দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে থাইল্যান্ড পুলিশ।

 

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন