Dainik Swajan

১৮ বছর পর গফরগাঁওয়ের হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন

প্রকাশিত: ১০ মে ২০২৬, ০৩:১২ অপরাহ্ণ
১৮ বছর পর গফরগাঁওয়ের হত্যা মামলায় তিন ভাইয়ের যাবজ্জীবন
স্টাফ রিপোর্টার :
দীর্ঘ ১৮ বছর সাক্ষ্য প্রমাণ শেষে ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি হত্যা মামলায় তিন ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন গফরগাঁও উপজেলার শিলাসী গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে শাহবাজ মিয়া (৫৮), হানিফা (৫০) ও মো. রফিকুল ইসলাম (৫৩)।
রোববার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (চতুর্থ) আদালতের বিচারক ফারজানা আহমেদ এ রায় ঘোষণা করেন। আদালতের বেঞ্চ সহকারী আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, এ মামলায় ছয়জন অভিযুক্তের মধ্যে তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অপর তিনজনকে খালাস দেওয়া হয়েছে। মামলার নথি অনুযায়ী, ২০০৮ সালের ১০ আগস্ট সকালে শিলাসী গ্রামে একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে নুরুল হকের ওপর হামলা চালানো হয়। দেশীয় অস্ত্র দিয়ে গুরুতর আহত করা হলে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর নিহতের ছেলে কাজল মিয়া বাদী হয়ে গফরগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যপ্রমাণে তিনজনের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এ এইচ এম মাসুদুল আলম খান তান্না এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট খালেকুজ্জামান।

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন