Dainik Swajan

হালুয়াঘাটে মাদক সেবনের সময় ভুয়া এসআই পরিচয়, দুইজনের কারাদণ্ড

প্রকাশিত: ১২ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
এম এ খালেক, হালুয়াঘাট, ময়মনসিংহ:
হালুয়াঘাটে মাদক সেবনের সময় ভুয়া এসআই পরিচয়, দুইজনের কারাদণ্ড

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদক সেবনের সময় পুলিশের এসআই পরিচয় দিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে দুই যুবককে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার রাত সাড়ে আটটার দিকে হালুয়াঘাট উপজেলার বিলডোরা এলাকায় এ ঘটনা ঘটে।

সাজাপ্রাপ্তরা হলেন— ফুলপুর উপজেলার বাতিকুড়া গ্রামের আব্দুর রউফের ছেলে মোহাম্মদ দেলোয়ার (২৫) এবং একই উপজেলার শাকুয়াই ইউনিয়নের জৈনাটি গ্রামের মোহাম্মদ সালাম মিয়ার পুত্র মোহাম্মদ নয়ন মিয়া (২৭)।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, বিলডোরা এলাকায় ওই দুই যুবক মাদক সেবন করছিলেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা নিজেদের পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে পরিচয় দিয়ে পার পাওয়ার চেষ্টা করেন। এতে স্থানীয়দের সন্দেহ আরও ঘনীভূত হয় এবং তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।

সংবাদ পেয়ে হালুয়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজি পুলিশ ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। অভিযানের সত্যতা নিশ্চিত হওয়ার পর অভিযুক্তদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজি মাদক ক্রয় ও সেবনের অপরাধে ওই দুই যুবককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকে ৫০০ টাকা করে মোট ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানের বিষয়ে জানতে চাইলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা রোজি বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স নীতি এবং অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক, আইনের আওতায় তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।”

মুক্তিযোদ্দা স্মরণী সড়ক, ৩৬ ছোটবাজার, ময়মনসিংহ। বার্তা ও বাণিজ্য যোগাযোগ - ০১৭১০৫১৭৩১৬  © দৈনিক স্বজন