নেত্রকোনার দুর্গাপুরে বিপ্লবী কৃষক নেতা প্রবাসী সরকারে উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেল ৩টায় কমরেড মণি সিংহ জাদুঘরে অনুষ্ঠিত এ সভায় জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি, সাংগঠনিক প্রস্তুতি, সাংস্কৃতিক আয়োজন, অতিথি আপ্যায়ন, বৃক্ষ রোপন,রচনা প্রতিযোগিতা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও সদস্যরা ২৮ জুলাইয়ের অনুষ্ঠান সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
বক্তারা বলেন, কমরেড মণি সিংহ ছিলেন দেশের কৃষক-শ্রমিকসহ মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের অন্যতম অগ্রদূত। তাঁর আদর্শ, সংগ্রাম ও আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জন্মবার্ষিকী উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচিগুলো তাঁর জীবনাদর্শ ও সংগ্রামী চেতনাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভা শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ২৮ জুলাই কমরেড মণি সিংহের ১২৫তম জন্মবার্ষিকীর সকল কর্মসূচি সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আলকাছ উদ্দিন মীর, সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক রুপন কুমার সরকার রুপক,উপজেলা বিএনপির অন্যতম নেতা ও মেলা উদযাপন কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন মুকুল,এডভোকেট মানেশ সাহা, প্রাক্তন প্রধান শিক্ষক বীরেশ্বর চক্রবর্তী,দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক ধনেশ পত্র নবীশ, দুর্গাপুর সাংবাদিক ফোরাম এর সভাপতি ওয়ালী হাসান কলি, দুর্গাপুর সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক নুর আলম খান, দপ্তর সম্পাদক জুয়েল মিয়া প্রমূখ।